ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃত্রিম মেধা

বইয়ের কঠিন বিষয় সহজ করবে কিন্ডল

বইয়ের কঠিন বিষয় সহজ করবে কিন্ডল
×

সাদি সাবেরিন

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ১১:৫৪

মানুষের সেরা বন্ধু বই– এমন কথা বলেছেন তাবৎ বিশ্বের মনীষী। তবে এবার এই বন্ধুত্ব নতুন মাত্রা পেতে চলেছে অ্যামাজন কিন্ডল উদ্ভাবিত আস্ক দিস বুক ফিচারে। ইন-বুক মেন্যুতেই পাওয়া যাবে এই অপশন। এতে এখন থেকে বইয়ের সঙ্গে কথা বলা যাবে সরাসরি। বইয়ের জটিল সব অধ্যায় সহজ ও সাবলীল করে বুঝিয়ে দেবে কিন্ডল উদ্ভাবিত নতুন এই ফিচার।

চ্যাটে যেভাবে প্রশ্ন করা হয়, ঠিক সেভাবেই বইয়ের নির্দিষ্ট অংশ নিয়ে প্রশ্ন করা যাবে কৃত্রিম মেধাকে (এআই)। এর মাধ্যমে বিশেষ কোনো অধ্যায় বা অনুচ্ছেদ কপি করে তার সহজ সারাংশ জানার সুবিধা নিতে পারবেন আগ্রহীরা। বিশেষভাবে তৈরি এমন ফিচারে কৃত্রিম মেধার (এআই) পূর্ণ সহায়তা নেওয়া যাবে। বইয়ের পরতে পরতে থাকা তথ্য থেকেই ঠিকঠাক প্রশ্নের সদুত্তর দেবে এই সিস্টেম। ফলে দীর্ঘ সময় ধরে বই পড়া অনেকের কাছেই সহজ হয়ে উঠবে। বিশেষ করে যারা পড়াশোনা বা গবেষণার কাজে কিন্ডল ব্যবহার করেন, তাদের জন্য এই ফিচার ভালো উপকারে আসতে পারে। কোনো জটিল অংশের ব্যাখ্যা বা জরুরি পয়েন্ট খুঁজে পেতে আর ঝামেলায় পড়তে হবে না। উদ্ভাবিত নতুন এই ফিচার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সবচেয়ে কঠিন প্রশ্ন হলো কপিরাইট ইস্যু। এআই প্রযুক্তির সহায়তা নিয়ে বই পড়লে লেখক বা প্রকাশকের আইনি অনুমতির প্রয়োজন হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সব অনুচ্ছেদের অর্থ ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে কিনা, তা নিয়ে রয়েছে বিস্তর সংশয়। ভুলভাল ব্যাখ্যা পাঠকের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

এতে উল্টো ফল হওয়ার ঝুঁকি রয়েছে বলে অভিমত দিয়েছেন অনেকে। বর্তমানে আইওএস সিস্টেমের কিন্ডল সংস্করণে এই ফিচার পাওয়া যাচ্ছে। সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা না গেলেও নতুন বছরের শুরুতে অ্যান্ড্রয়েড ও কিন্ডল ডিভাইসে এই বুক রিডিং সুবিধা অবমুক্ত করা হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

×