নতুন সুবিধায় স্বাস্থ্যসেবা ঘোষণা করেছে গুগল
সাদি সাবেরিন
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:২২
নতুন পরিষেবা উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে গুগল। এটি ফিটনেস ও স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার কথা বলছে। বলতে গেলে, গুগল তার হেলথ ইকোসিস্টেমকে ঢেলে সাজাচ্ছে। এর জন্য নতুন প্ল্যাটফর্ম গুগল হেলথ উন্মোচনের প্রস্তুতি চলছে।
স্বাস্থ্যবিষয়ক ডিভাইসের মধ্যে বহুল আলোচিত ও জনপ্রিয় নাম ফিটবিট। নতুন করে ফিটবিটের রিপ্লেসমেন্ট আসছে এই গুগল হেলথ পরিষেবায়। এই গুগল হেলথ স্বাস্থ্যবিষয়ক সব ধরনের আপডেট নির্ভুলভাবে দেয়। এটি ফিটবিটের থেকে মানোন্নত।
ফিটবিটে এতদিন শুধু স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ডের মাধ্যমে দৈনন্দিন জীবনের কয়েকটি স্বাস্থ্যবিষয়ক ডেটা পাওয়া যেত। প্রতিদিন কতটা পথ হেঁটেছেন, হার্ট রেট কত রয়েছে, কতটা ঘুম হয়েছে, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) কেমন, সারাদিনে কতটুকু ক্যালরি খরচ হয়েছে, প্রতিদিনের অ্যাক্টিভিটি ও স্ট্রেস– এসব ট্র্যাক করা যেত সহজে।
নতুন গুগল হেলথ পরিষেবায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। আগের ফিটবিটের সুবিধা তো থাকবেই, সঙ্গে জুড়ে যাবে এআই। গুগলের জেমিনি এআই অনেকটা নির্ভুলভাবে যে কারও হেলথ আপডেট সুবিধা দেবে। ঠিকমতো হচ্ছে কিনা, প্রতিদিনের অ্যাক্টিভিটি কতটুকু হচ্ছে, ক্যালরি কতটা খরচ হয়েছে, কেমন লাইফস্টাইল বা অভ্যাস মেনে চললে স্বাস্থ্য সুরক্ষা মানোন্নত হবে– এসব বিষয়ে পরিপূর্ণ তথ্য পাওয়া যাবে।
থাকবে হেলথ কোচ, যা যে কারও স্বাস্থ্যের জন্য কোনটি সবচেয়ে উপযোগী হবে, সে বিষয়ে পরামর্শ দেবে। কীভাবে ব্যায়াম করলে ভালো ফল পাওয়া যাবে, তা জানিয়ে দেবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজন অনুসারে হেলথ টিপস বলে দেবে এই গুগল হেলথ।
বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই পরিষেবা প্রধানত অ্যাপল হেলথ পরিষেবাকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে। মাসিক নিবন্ধনের মাধ্যমে যে কেউ গুগল হেলথ পরিষেবা নিতে পারবেন।
সামান্য কিছু সেবাব্যয় গুনতে হবে এর জন্য। আপাতত সব দেশ থেকে এ পরিষেবা পাওয়া যাবে না। ক্রমে সবার জন্য এ পরিষেবা উন্মুক্ত হবে। অনেকে আবার গুগল হেলথ প্রিমিয়াম মাধ্যমে এসব পরিষেবা নিতে পারবেন।
কিছুদিনের মধ্যে গুগল নতুন ফিটবিট এয়ার ডিভাইস উন্মোচনের কথা বলেছে। এটি দৃশ্যত স্টাইলিশ ফিটনেস ব্যান্ড। এতে কোনো স্ক্রিন থাকবে না। সে ক্ষেত্রে নোটিফিকেশনের বাড়তি চাপ থাকবে না। ঘুমের সময়ও এটি পরে থাকা যাবে। এর মাধ্যমে ঘুমের মান, এসপিওটু, হার্টরেট– এসব শারীরিক তথ্য জানা যাবে। সংস্থাটি বলছে, ক্রমে সব দেশের আগ্রহীর জন্য এটি উন্মুক্ত করা হবে।
- বিষয় :
- গুগল
