উদ্যোগ
বহির্বিশ্বে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের প্রতিনিধিত্ব
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:২৬ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১১:২৬
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) সিলিকন রিভার ও ব্রেইনগেইনের উদ্যোগে চলতি বছরের ইউএস রোডশো চলছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে সফরের লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের সংযোগ জোরালো করা। এ ছাড়া বিশ্বের নির্বাচিত দেশে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তি নেতাদের দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রার সঙ্গে পরিচিত করানো।
১৩ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এই রোডশোতে যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর কেন্দ্রজুড়ে উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষক, বিনিয়োগকারী, প্রযুক্তি নির্বাহী প্রধান, নীতিনির্ধারক ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন। এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জব্বার এবং পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলিকন রিভার উদ্যোগের প্রধান স্থপতি অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হুসাইন। চলতি সফরে অংশ নিয়েছেন বিএসআইএর নেতা, শিল্প ও একাডেমিয়ার প্রতিনিধি, ব্রেইনগেইন নেটওয়ার্কের সদস্য ছাড়াও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা। বৃহত্তর সিলিকন রিভার উদ্যোগের অংশ এই রোডশো, যার লক্ষ্য বাংলাদেশকে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা।
সিলিকন রিভারের মাধ্যমে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি, রোবটিকস, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও বহির্বিশ্বে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের পথ তৈরি করা হচ্ছে।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জব্বার বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার মানুষ। সিলিকন রিভার ও ব্রেইনগেইনের মাধ্যমে আমরা বৈশ্বিক অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বকে বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে জুড়ে দিতে কাজ করব। আমাদের লক্ষ্য আগামী প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। বাংলাদেশকে ভবিষ্যতের প্রযুক্তি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে উপস্থাপন করা।
সিলিকন রিভার উদ্যোগের প্রধান স্থপতি অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হুসাইন বলেন, বাংলাদেশের সেমিকন্ডাক্টরের ভবিষ্যৎ নির্ভর করবে দক্ষ মানবসম্পদ, বহির্বিশ্বে অংশীদারিত্ব আর দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপর। এই রোডশোর মাধ্যমে আমরা উদ্যোক্তা, শিল্প, বিশ্ববিদ্যালয়, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে কাজ করব, যা ভবিষ্যতে জ্ঞান বিনিময়, উদ্ভাবন, কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।
আয়োজকরা বলছেন, এবারের রোডশো বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পোন্নয়নকে সুদৃঢ় করবে। অন্যদিকে গবেষণা, চিপ ডিজাইন, মান্নোনত প্যাকেজিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি উদ্যোক্তা উন্নয়ন ও উদীয়মান প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার পথ তৈরি হবে।
- বিষয় :
- প্রযুক্তি
