স্মার্ট পরিষেবা
চ্যাটবটে গোপন শর্ত লঙ্ঘনে এবার অভিযুক্ত হয়েছে মেটা
সাদি সাবেরিন
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:২৭
অপচক্র এবার নজর দিয়েছে ইনস্টাগ্রামে। মেটার তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করে গ্রাহকের অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগী অনেকে।
আদতে কী ঘটেছে?
কিছুদিন আগে মেটার এআই পরিচালিত সাপোর্ট চ্যাটবটে নিরাপত্তার বিষয়ে অ্যালার্ট শনাক্ত করা হয়। জানা যায়, এআই পরিচালিত সাপোর্ট চ্যাটবটে নিরাপত্তাজনিত কারণে ত্রুটির সুযোগে কিছু হ্যাকার অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনৈতিক প্রবেশাধিকার করেছে। এ ঘটনায় অনেকে অভিযোগ করে বলেছেন, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। আবার কেউ বলেছেন, চেষ্টা হয়েছে। যদিও অপচক্রের কাছে তাদের কোনো ইমেইল বা ফোন নম্বর ছিল না। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো অপচক্র মেটার এআই সাপোর্ট চ্যাটবটকে বিভ্রান্ত করে অ্যাকাউন্টের সঙ্গে নতুন ইমেইল জুড়ে দিয়ে এ কাজ করেছে।
তারপর সেই নতুন ইমেইল যাচাইয়ের জন্য কোড আর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক প্রেরণ করা হয়। এর ফলে চক্রটি সহজেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে।
সমস্যার শিকার শুধু সাধারণ গ্রাহকই হয়েছেন, তা কিন্তু নয়। কিছু পরিচিত ও ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট এর কবলে পড়েছে। অনেকে বলেছেন, দীর্ঘদিনের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ফেরত পাননি। আবার যারা ফিরে পেয়েছেন, তাদের এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে।
নিরাপত্তা বিশ্লেষক জ্যান ওয়াং জানান, তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড পরিবর্তনে কয়েক দফা চেষ্টা করা হয়েছিল তাঁর অজ্ঞাতে। তিনি কয়েকবার অ্যাকাউন্ট থেকে লগআউট হওয়ার চেষ্টা করছিলেন।
সমস্যা প্রসঙ্গে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বিবৃতিতে বলেছেন, সারাবিশ্বে যে সমস্যাটি দৃশ্যমান হয়েছিল, তার যথাযথ সমাধান ইতোমধ্যে করা হয়েছে। এখনও কারিগরি মানোন্নয়নের কাজ প্রক্রিয়াধীন।
মেটা চলতি বছরই ইনস্টাগ্রাম ও ফেসবুকে এআই সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ফিচার সক্রিয় করে। এই চ্যাটবট গ্রাহকের প্রোফাইল সেটিংসে পরিবর্তন, গোপনীয়তা নিয়ন্ত্রণ, ফেক অ্যাকাউন্ট রিপোর্ট ও পাসওয়ার্ড রিসেটের মতো কাজের উদ্দেশ্যেই তৈরি করা হয়।
পরামর্শ দিয়েছে মেটা
দৃশ্যমান ও আলোচিত এমন ঘটনা প্রমাণ করেছে, এআইকেন্দ্রিক সাপোর্ট সিস্টেমে নিরাপত্তা দুর্বলতা রয়ে গেছে। তা না হলে অপচক্র এভাবে সমস্যা তৈরি করতে পারত না। তাই গ্রাহক সুরক্ষায় কয়েক দফায় দ্বিস্তরীয় নিরাপত্তা সক্রিয় করা, জটিল পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শের কথা আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে মেটা।
- বিষয় :
- ইনস্টাগ্রাম
