স্মার্টঘড়ির ফিচার আদতে কী কাজে আসে
সাদি সাবেরিন
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১১:২৮
জনপ্রিয় সব ব্র্যান্ডের স্মার্টওয়াচে ফিচারের অনেক ছড়াছড়ি। পরিচিত বোট, নয়েস ছাড়াও অনেক ভালো ব্র্যান্ডের স্মার্টওয়াচ পাওয়া যায়। কিন্তু সব ফিচার তেমন কাজে আসে না। তাৎক্ষণিক স্বাস্থ্যের খোঁজখবর জানতে অনেকে স্মার্টওয়াচ পছন্দ করেন। আবার অনেকে কল, মেসেজ বা ফিটনেস ট্র্যাকিং করার জন্য স্মার্ট ঘড়িতে ভরসা করেন। শুধু বিজ্ঞাপন দেখে বাড়তি ফিচারের প্রতি আকৃষ্ট না হয়ে যেসব ফিচার আদতে জীবনে সত্যিই কাজে লাগবে কিনা, সেসবের ওপর গুরুত্ব দেওয়া উচিত।
আজকের দিনে স্মার্টওয়াচ শুধু সময়ের চাহিদা পূরণ করে না; বরং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ স্মার্ট গ্যাজেট হয়ে উঠেছে। কল ও মেসেজের নোটিফিকেশন পাওয়া ছাড়াও হাঁটার স্টেপ গণনা করা থেকে শুরু করে হার্ট রেট পর্যবেক্ষণ করা বা ঘুমের মান কেমন, তা যাচাই– সবকিছুই এখন হাতের কবজিতে ওই একটা ডিভাইস থেকেই সম্ভব।
অনেকেই নতুন স্মার্টওয়াচ কেনার সময় শুধু এর ডিজাইন বা বাহ্যিক সৌন্দর্যের দিকে নজর দেন। তবে স্মার্টওয়াচটি কেমন কাজ করছে, সে বিষয়ে খুব একটা নজর দেন না। আপনিও যদি স্মার্টওয়াচ কেনার কথা ভেবে থাকেন, তবে কয়েকটি বিষয় জেনে নেওয়া জরুরি।
প্রথমেই স্মার্ট ঘড়ির কম্প্যাটিবিলিটি যাচাই করা বিশেষ প্রয়োজন। স্মার্টওয়াচ প্রধানত স্মার্টফোনের সম্প্রসারিত (এক্সটেন্ডেড) অংশ হিসেবে কাজ করে। তাই যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে নিশ্চিত হতে হবে যে স্মার্টওয়াচটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে সম্পূর্ণভাবে কাজ করতে পারে। একইভাবে আইফোন গ্রাহকরা আইওএস সমর্থন করে– এমন স্মার্টওয়াচ নির্বাচন করতে হবে।
স্মার্টওয়াচ কেনার আগে আপনার বাজেট কেমন রয়েছে, সেটি দেখাও বেশ জরুরি। বর্তমানে বাজারে বিভিন্ন দামের অসংখ্য স্মার্টওয়াচ পাওয়া যায়। কিছু প্রিমিয়াম ব্র্যান্ড উন্নত প্রযুক্তি ও বিশেষ ফিচারের জন্য বেশি দাম নেয়, আবার অনেক বাজেট-ফ্রেন্ডলি ব্র্যান্ড রয়েছে, যারা তুলনামূলক কম দামে ভালো মানের স্মার্টওয়াচ অফার করে। তাই অযথা বেশি খরচ না করে আপনার কী কী ফিচার প্রয়োজন, সেই চাহিদা অনুযায়ী সেরা মডেলটি নির্বাচন করুন।
স্মার্টওয়াচের ক্ষেত্রে আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, তা হলো– আপনার স্মার্টওয়াচ কতটা আরামদায়ক। কারণ, এটি এমন একটি ডিভাইস, যা অনেকেই দিনের বেশির ভাগ সময়, এমনকি রাতে ঘুমানোর সময়ও পরে থাকেন। তাই ঘড়ির ওজন, আকার এবং স্ট্র্যাপটি কেমন– সবটা যাচাই করে নিয়ে তারপর কেনা উচিত। কারও কাছে সিলিকন স্ট্র্যাপ বেশি আরামদায়ক মনে হতে পারে, আবার কেউ মেটাল বা মেশ স্ট্র্যাপ পছন্দ করেন। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য আরামদায়ক স্মার্টঘড়ি বেছে নেওয়াই ভালো।
- বিষয় :
- স্মার্টফোন
