রাউটার জানাবে গোপন তথ্য
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:১৯
স্মার্টফোন বন্ধ রাখলেই বা সঙ্গে না নিলেই নিজের অবস্থান ও পরিচয় গোপন থাকবে– এমন ধারণা এখন আর পুরোপুরি নির্ভরযোগ্য নয়। জার্মানির কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা প্রমাণ করেছেন, সাধারণ ওয়াই-ফাইর পঞ্চম সংস্করণের রাউটারের বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব– এমনকি তার নিজের কোনো ডিভাইস ছাড়াই তা শনাক্ত করা যাবে। ওয়াই-ফাই পঞ্চম সংস্করণের প্রযুক্তির বিমফর্মিং ফিডব্যাক ইনফরমেশন (বিএফআই) বিশ্লেষণ করে এআইর সহায়তায় মোবাইল ফোন বন্ধ রাখা পূর্বপরিচিত ব্যক্তিকে কাছাকাছি নির্ভুলতায় পুনরায় শনাক্ত করা সম্ভব। এমন দাবি করেছেন কয়েকজন গবেষক।
যেভাবে কাজ করে
ওয়াই-ফাই পঞ্চম (ইইই ৮০২.১১এসি) সংস্করণের প্রযুক্তিতে বিমফর্মিং ফিডব্যাক ইনফরমেশন নামে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এটি রাউটারকে যুক্ত ডিভাইসের দিকে আরও নির্ভুল সিগন্যাল পাঠাতে সহায়তা করে। গবেষকরা বলছেন, এই (বিএফআই) তথ্য সাধারণত এনক্রিপ্ট করা থাকে না। চারপাশে চলাফেরা করা মানুষের শরীরের কারণে রেডিও তরঙ্গের সূক্ষ্ম পরিবর্তন এই তথ্যে ধরা পড়ে। মানুষের উচ্চতা, শরীরের গঠন, হাঁটার ধরন ও নড়াচড়ার ফলে তৈরি হওয়া অন্যান্য রেডিও সিগন্যাল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে শনাক্ত করা যায়।
গবেষকরা দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালিয়েছেন– এ ধরনের গবেষণায় অন্যতম বড় ডেটাসেট। নিয়ন্ত্রিত পরিবেশে এআই মডেল ৯৯.৫ শতাংশ নির্ভুল পদ্ধতিতে ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
গবেষণায় অংশ নিয়েছেন এমন সদস্যের হাঁটার ধরন ইচ্ছাকৃতভাবে বদলালে বা ব্যাকপ্যাক/ভারী বস্তু বহন করলেও তা শনাক্তের হার ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে থেকেছে। সবচেয়ে চমকে দেওয়া বিষয়– সংশ্লিষ্ট ব্যক্তির নিজের ফোন বা ওয়াই-ফাই ডিভাইস সংযুক্ত থাকা আবশ্যক নয়। চারপাশের যে কোনো স্মার্ট ডিভাইস (ল্যাপটপ, টিভি, ক্যামেরা ইত্যাদি) থেকে বিএফআই সংগ্রহ করা সম্ভব।
সীমাবদ্ধতা ও বাস্তবতা
গবেষকরা স্পষ্ট করেছেন, এটি পরিচিত ব্যক্তিদের পুনরায় শনাক্তকরণের পদ্ধতি। প্রথমবার দেখা অচেনা কাউকে তাৎক্ষণিক শনাক্ত করতে পারে না– এর জন্য আগে ডেটা সংগ্রহ করে মডেল প্রশিক্ষণ দিতে হয়। বাস্তব জীবনে ব্যাপক আকারে এই ধরনের নজরদারির কোনো প্রমাণ মেলেনি।
- বিষয় :
- স্মার্টফোন