ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সামাজিক দূরত্বে রাখতে রোবট কুকুর

সামাজিক দূরত্বে রাখতে রোবট কুকুর
×

রোবট কুকুর

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০ | ০১:০৯ | আপডেট: ১২ মে ২০২০ | ০১:৫৮

করোনা মহামারীর এই দুঃসময়ে অনেকেই সামাজিক দূরত্ব মানতে চান না। অসচেতন সেইসব মানুষের সচেতনতা বাড়াতে সিঙ্গাপুরে মাঠে নামানো হয়েছে রোবট কুকুর। পার্কে পার্কে ঘুরে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকতে বলছে এই রোবট।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সহায়তা করতে মোতায়েন করেছে রোবট। কুকুরের মতো দেখতে চার পা-ওয়ালা এই রোবট ছেড়ে দেওয়া হয়েছে দেশটির সেন্টাল পার্কে। 

ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পার্কের রাস্তায় দৌঁড়ে বেড়াচ্ছে কালো পা আর হলুদ গায়ের রোবট। ‘স্পট’ নামের রোবটটি মানুষ দেখলেই বলে উঠছে, ‘আসুন সবাই সিঙ্গাপুরকে সুস্থ রাখি’। 

ইংরেজিতে নারী কন্ঠে রোবটটি আরও বলছে, ‘আপনার নিজের নিরাপত্তার জন্য, আপনার চারপাশের মানুষের নিরাপত্তার জন্য অন্তত এক মিটার দূরত্বে দাঁড়ান। ধন্যবাদ।’ 

কর্তৃপক্ষ জানিয়েছে, রোবটটি দেহে সংযুক্ত রয়েছে দূরত্ব পরিমাপক যন্ত্র ও ক্যামেরা। যখন রোবটটির পর্যবেক্ষণে ধরা পড়ছে, মানুষ সামাজিক দূরত্ব মানেনি, তখনই সেখানে গিয়ে দূরে যাওয়ার জন্য বলছে। 

ভিডিওতে আরও দেখা যায়, পার্কটির একটি ছোট্ট বেঞ্চে বসে ছিলেন দুই নারী। রোবটের দূরে থাকতে বলা শুনে এদের একজন উঠে অন্য জায়গায় চলে যান। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে কাজ করছে রিমোট কন্ট্রোলড ওই রোবটটি। এটির উদ্দেশ্য সফল হলে দেশের বিভিন্ন পার্ক ও সড়কে রোবট নামিয়ে দেওয়া হবে। 

৫৭ লাখ বাসিন্দার আবাস দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে করোনা মহামারীতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ। আর প্রাণ গেছে ২১ জনের। আক্রান্তদের বেশির ভাগই বিদেশী শ্রমিক। এমন পরিস্থিতিতে করোনার বিস্তার রোধে সারাদেশে জারি করা হয়েছে লকডাউন। মানুষজনকে খাদ্য-ওষুধের মতো জরুরি প্রয়োজনে বের হওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। লকডাউন বা সামাজিক দুরত্ব না মানলে দেওয়া হচ্ছে জেল-জরিমানাও। সূত্র : আরটিই নিউজ। 

আরও পড়ুন

×