হ্যাকারের লক্ষ্য এবার গুগল ডেটা
অপচক্রের দৃষ্টি এবার গুগল ডেটাতে
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৭:০৯ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৯:৩৬
| প্রিন্ট সংস্করণ
সারাবিশ্বেই হ্যাকিং ও ডেটা ব্রিচ নতুন করে শঙ্কা ছড়িয়েছে। যে কারও ব্যক্তিগত ডেটা লিক হওয়া নিয়ে কিছুদিন ধরে গুগল, মাইক্রোসফটের মতো টেক সংস্থা তাদের নিরাপত্তা পদ্ধতিকে মানোন্নত করার কথা জানিয়েছে।
এতে পিছিয়ে নেই ওপেনএআই কিংবা অ্যানথ্রোপিকের মতো সংস্থা। কারণ, যে কোনো সিস্টেম থেকে গ্রাহকের ডিজিটাল তথ্য বেহাত হলে তা বড় ধরনের ক্ষতির পূর্বাভাস হিসেবে ধরা হয়। ক্লাউড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ভারসেল তাদের গ্রাহকের ডেটা ব্রিচের সম্ভাব্য বড় ধরনের ঝুঁকির কথা জানিয়েছে।
ভারসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা গুইলেরমো রচ নিজের এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, এই ডেটা ব্রিচ তাদের সংস্থার নিরাপত্তা কৌশলকে প্রভাবিত করতে পারে। এই ডেটা ব্রিচ কোনো সুকৌশলী এআই ব্যবহারের মাধ্যমে করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
রচ তাঁর পোস্টে বলেছেন, এই ব্রিচ প্রথম ধরা পড়ে সংস্থার এক কর্মীর গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর। জানা গেছে, তিনি আগে থেকেই ‘কনটেক্সট ডট এআই’ নামে বিশেষ ঘরানার একটি বিতর্কিত প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন, যা আগে থেকেই হ্যাক হয়েছিল।
ফলে হ্যাকাররা এই অ্যাকাউন্টের সূত্র ধরে ভুক্তভোগী কর্মীর গুগল ওয়ার্কস্পেসের লিঙ্ক ও ভারসেলের খুঁটিনাটি সহজেই হাতিয়ে নিতে পেরেছে। ঘটনার সূত্রপাত্র এখান থেকেই।
নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন
ভারসেল তার প্রত্যেক গ্রাহকের সব ধরনের ডেটা এনক্রিপ্টের মাধ্যমে সংরক্ষণ করে। ফলে তা ব্রিচ হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে ডেভেলপাররা কিছু ভেরিয়েবলকে অসংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে। হ্যাকাররা বিশেষ ফিচার ব্যবহার করে ওই সব চিহ্নিত ভেরিয়েবলের মাধ্যমে মূল সিস্টেমে প্রবেশ করতে পেরেছে। এতে তথ্য চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার সীমিত সংখ্যক গ্রাহকের ডেটায় প্রভাব পড়েছে। ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে বলে ভারসেল কর্তৃপক্ষ জানিয়েছে।
যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে
বর্তমানে ভারসেল গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা কৌশল জোরালো করতে সিস্টেমের মানোন্নয়ন করা হচ্ছে। গ্রাহক তথ্যের নিরাপত্তার স্বার্থে বাড়তি মনিটরিং ব্যবস্থা সচল করা হয়েছে। অন্যদিকে নেক্সট ডট জেএস, টারবোপ্যাক ছাড়াও ওপেনসোর্স কতটা নিরাপদ, তা আবার নতুন করে যাচাই-বাছাই করা হচ্ছে।
নিরাপত্তাকে আপডেট করে ভারসেল তাদের গুগল ওয়ার্কস্পেস প্রশাসকদের (অ্যাডমিন) বিশেষ ওথ অ্যাপ ব্যবহার করার আগে তা অবশ্যই যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে।
- বিষয় :
- প্রযুক্তি
- গুগল
- সাইবার হামলা
