অপরাধ শনাক্তে এআই দক্ষ গোয়েন্দা
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
অপরাধের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনে এআই প্রযুক্তির সার্বিক ব্যবহার বাড়ছে। হাজারো সিসিটিভি ফুটেজ, ফোন-রেকর্ড, আর্থিক লেনদেন, সোশ্যাল মিডিয়া পরিচালন ও অপরাধের পুরোনো তথ্য মানুষের পক্ষে একযোগে বিশ্লেষণ করা দুরূহ। মেশিন লার্নিং সেই তথ্যের মধ্যে দ্রুত ও সহজে প্যাটার্ন খুঁজে দিতে দক্ষ ও পারদর্শী। যুক্তরাষ্ট্রের সান্তা ক্রুজ পুলিশ বিভাগ ঐতিহাসিক ক্রাইম ডেটা ব্যবহার করে সম্ভাব্য ক্রাইম হটস্পট চিহ্নিত করার প্রেডিক্টিভ সিস্টেম ব্যবহার করে। এফবিআই প্রকাশিত তথ্য বলছে, বারগ্লারির ক্ষেত্রে ওই ব্যবস্থায় কয়েক মাসের মধ্যে অপরাধ প্রবণতা দৃশ্যত অনেকাংশে কমিয়েছে। এ প্রযুক্তি ভবিষ্যদ্বাণী করছে না; বরং কোথায়, কখন ও কী ধরনের অপরাধের পুনরাবৃত্তির হওয়ার আশঙ্কা বেশি– সেই প্যাটার্ন আগাম শনাক্তে সহায়তা করছে।
তথ্যই এখন গোয়েন্দা
এআই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি সম্ভবত ডেটা অ্যানালিটিকস। একজন তদন্তকারী হয়তো কয়েকশ নথি পড়তে পারবেন। এআই কয়েক লাখ রেকর্ডের মধ্যে সম্পর্ক খুঁজে দিতে পারে; একই ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, আইপি অ্যাড্রেস, লোকেশন বা ট্রানজেকশন কীভাবে কয়েকটি ঘটনার জুড়ে যায়।
বিখ্যাত গোয়েন্দা সংস্থা এফবিআই ছাড়াও অনেক সংস্থা তদন্ত-ডেটা বিশ্লেষণে এআই ও ডেটা অ্যানালিটিকস ব্যবহার করছে। সংস্থাটি জানিয়েছে, এআই-উৎপন্ন তদন্তপ্রধান পরবর্তী পদক্ষেপের আগে মানব তদন্তকারীর মাধ্যমে যাচাই করা হয়।
সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত এখানেই। আগে বড় অপরাধ করতে প্রয়োজন ছিল সংগঠন, অর্থ এবং বিশেষ দক্ষতা। এখন ক্রাইম অ্যাজ এ সার্ভিস মডেলে চুরি করা ক্রেডেনশিয়াল, কম্প্রোমাউজড সিস্টেমস এবং নানা ধরনের অপরাধমূলক পরিষেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। ইউরোপল বলছে, এআই এই ইকোসিস্টেমকে আরও বিস্তৃত করার সম্ভাবনা তৈরি করছে। তবে এআই নিজে অপরাধী নয়। বিশ্বের অনেক দেশ বর্তমানে এআই পরিচালিত সাইবার ক্রাইমকে আলাদা পরিসংখ্যানগত ক্যাটেগরি হিসেবে বিবেচনা করে না। এর অর্থ এআই পরিচালিত অপরাধের প্রকৃত পরিমাণ ও ধরন নিয়ে আগাম সতর্ক থাকা জরুরি। অতএব, অপরাধ শনাক্তে পরিবর্তনটি প্রযুক্তিগত নয়; বরং এটি অপচক্রের সক্ষমতার প্রমাণ। অস্ত্রের বদলে এখন কাজ করে কিবোর্ড। নজরদারি এখন তালার দুর্বল দিক খোঁজ করে না; বরং খোঁজে ডেটাবেজের দুর্বলতা। আর পুলিশও এখন এই প্রযুক্তির সহায়তা নিচ্ছে। লড়াইটি এখন আর শুধু চোর বনাম পুলিশ নয়; এটি ক্রমে হয়ে উঠছে অ্যালগরিদম বনাম অ্যালগরিদমের টানাপোড়েন।
- বিষয় :
- প্রযুক্তি