সার্চ ইঞ্জিনে নতুন ধারার পরিষেবা
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৭:৪২
| প্রিন্ট সংস্করণ
দিনবদলের সমীকরণে বদলে যেতে চলেছে আগের সব ধ্যান-ধারণা। সার্চ ইঞ্জিনেও এর প্রভাব পড়তে শুরু করেছে এরই মধ্যে।
এতদিন গুগলে সার্চ ব্যবহার মানেই ছিল কোনো প্রশ্ন বা কনটেন্ট লিখে সেটি সার্চ করা। এরপর কয়েকটি ওয়েবসাইট খুলে তার উত্তর খুঁজে বের করা। কিন্তু চলতি বছরের গুগল আই/ও-এর সংস্থা বলছে, অনেক বেশি স্মার্ট হতে চলেছে আগামী দিনের এই সার্চ ইঞ্জিন।
ফ্ল্যাশ এআই
নতুন জেমিনি ৩.৫ সংস্করণে ফ্ল্যাশ এআইর সহায়তায় গুগল সার্চ এখন আর শুধু তথ্য
দৃশ্যমান করবে না; বরং জরুরি প্রয়োজনে
কথাও বলবে, যে কারও প্রশ্ন বুঝবে আর
ঝটপট কাজ করতেও সহায়তা করবে। নতুন এআই প্রযুক্তির ফলে সার্চের ফল পাওয়ার সময় আগের তুলনায় অনেক দ্রুত হবে।
সার্চ এজেন্ট
সার্চ ইঞ্জিনে যে কোনো ধরনের প্রশ্ন করলে
গুগল সদুত্তর দেবে সহজ ভাষায়। একই
বিষয়ে পুনরায় প্রশ্ন করলেও আগের রেশ থেকে সদুত্তর দিতে পারবে। এবার শুধু লেখা নয়;
ছবি, ভিডিও, পিডিএফ বা ক্রোম ব্রাউজারে দৃশ্যমান ট্যাব দিয়েও সার্চ করা যাবে। সাড়া-জাগানো আকর্ষণ হলো এআই সার্চ এজেন্ট। ধরা যাক, কেউ কোনো গাড়ি ভাড়া খুঁজছেন। এ কাজে এখন বারবার ওয়েবসাইট ঘাঁটার প্রয়োজন হবে না। নিজে থেকেই এসব তথ্য নজরে রাখবে ও নতুন আপডেট এলেই অনুসন্ধানকারীকে তা জানিয়ে দেওয়া হবে। ঘর সাজানোর গৃহসামগ্রী, ইলেকট্রনিক গ্যাজেট বা অন্যসব পরিষেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে সহায়ক হবে এআই। অনেক কাজ নিজে থেকেই সম্পাদনা করে দেবে গুগল সার্চ। জটিল বিষয় বোঝানোর জন্য এআই চার্ট, গ্রাফ বা সহজ ছবি তৈরি করে দিতে পারবে। আগ্রহীর ইচ্ছামতো হিসাব রাখার মতো কাজেও ড্যাশবোর্ড তৈরি করে সহায়তা করবে।
কাস্টমাইজ পরিষেবা
আরেকটি বড় সুবিধা হলো কাস্টমাইজ পরিষেবা।
যে কারও অনুমতি থাকলে জিমেইল, গুগল ক্যালেন্ডার ও গুগল ফটোজের সঙ্গে যুক্ত হয়ে পুরোনো ইমেইল, জরুরি দিনক্ষণ বা নির্দিষ্ট ছবি কয়েক সেকেন্ডেই খুঁজে দিতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, গুগল সার্চ এখন আর শুধু সার্চ ইঞ্জিন নয়। আগামী দিনে এটি এমন কৃত্রিম বুদ্ধিমত্তার পথপ্রদর্শক হয়ে উঠতে চলেছে, যা শুধু তথ্য অনুসন্ধানের চাহিদা পূরণ করবে না; বরং দিনযাপনের অনেক কাজ সহজ করে দেবে।
- বিষয় :
- প্রযুক্তি