ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘এক ভাগ কোরবানি’

টাকা জোগাড় করতে গিয়ে বিপাকে মোশাররফ

টাকা জোগাড় করতে গিয়ে বিপাকে মোশাররফ
×

‘এক ভাগ কোরবানি’ নাটকে একটি দৃশ্য

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৫:৩২ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৫:৩৯

ঈদের আগের দিনের বিশেষ নাটক মানেই যেন নির্মাতা রেজানুর রহমানের নতুন আয়োজন। সেই ধারাবাহিকতায় এবার চ্যানেল আইয়ের জন্য তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক। নাম ‘এক ভাগ কোরবানি’।

মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, এক বাবার অসহায়ত্ব আর ছোট্ট এক মেয়ের স্বপ্নকে ঘিরে এগিয়েছে গল্প। নাটকের কেন্দ্রীয় চরিত্রে মোশারফ হোসেন। বিএ পাস করেও চাকরি জোটেনি তাঁর। সংসারের দায়ে ঢাকার রাস্তায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। গ্রামের বাড়িতে থাকে তাঁর স্ত্রী ও একমাত্র মেয়ে। 

ছোট্ট মেয়েটির ইচ্ছে, এবার তাদের ঘরেও কোরবানি হবে। আশপাশের মানুষদের দেখে সেও বাবার কাছে আবদার করে বসে। আর মেয়ের মুখের হাসির জন্য মোশারফ প্রতিশ্রুতি দেন। এবার তারা ভাগে কোরবানি দেবেন। বাবার কথায় অগাধ বিশ্বাস মেয়েটির। তাই কোরবানির খবর পেয়ে সে যেন নিজের ভেতরেই এক আনন্দের পৃথিবী গড়ে তোলে। পাড়ার মানুষদের জানায়, এমনকি গরিব-অসহায়দের একটি তালিকাও তৈরি করে ফেলে, যাতে কোরবানির মাংস তাদের মাঝে বিলিয়ে দিতে পারে। কিন্তু বাস্তবতা বড় নির্মম। কোরবানির ভাগের টাকা জোগাড় করতে গিয়ে চরম বিপাকে পড়ে মোশারফ। গ্রামের অন্য শরিকদের মধ্যেও সন্দেহ তৈরি হয়— সে আদৌ টাকা দিতে পারবে কিনা। ঠিক এমন সময় বন্ধুকে ধার দেওয়া কিছু টাকা ফেরত পেয়ে আশার আলো দেখতে শুরু করে মোশারফ। স্ত্রী ও মেয়েকে সুখবরও জানায় সে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, রাতে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হাতে সব টাকা হারাতে হয় তাঁকে।

‘এক ভাগ কোরবানি’ নাটকে একটি দৃশ্য

সময়ের মধ্যে টাকা দিতে না পারায় কোরবানির দল থেকেও বাদ পড়ে যায় মোশারফ। বাবার এই ভেঙে পড়া প্রতিশ্রুতি কিছুতেই মেনে নিতে পারে না তাঁর মেয়ে। শিশুমনে জন্ম নেয় এক কঠিন প্রশ্ন— ছোটরা মিথ্যা বললে শাস্তি পায়, বড়রা পায় না কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এক রাতে একা ঢাকাগামী বাসে উঠে বসে সে। এরপরই শুরু হয় একের পর এক টানটান নাটকীয় ঘটনা।

‘এক ভাগ কোরবানি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, নাজনীন হাসান চুমকি, শিশুশিল্পী তানায আজিম, হাফিজুর রহমান সুরুজ, সৈয়দ মোশাররফ, মণি কাঞ্চন ও মিন্টু সরদারসহ আরও অনেকে। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচার হবে চ্যানেল আই-এ।

আরও পড়ুন

×