ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘অভিশাপ’-এর দুই বছর পর তৌসিফ-ইয়াশের ‘ওয়ারিশ’

‘অভিশাপ’-এর দুই বছর পর তৌসিফ-ইয়াশের ‘ওয়ারিশ’
×

‘ওয়ারিশ’ নাটকের একটি দৃশ্যে ইয়াশ রোহান, তৌসিফ মাহবুব ও মনিরা মিঠু। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৭:৩১ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৭:৩৭

তানিম রহমান অংশু পরিচালিত ‘অভিশাপ’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহান। অতিপ্রাকৃত গল্পের এই নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন তারা।

দুই বছর পর ছোট পর্দার আলোচিত এই দুই তারকা আবার একসঙ্গে অভিনয় করলেন। তবে এবারের নাটকে তারা তুলে ধরছেন একটি পারিবারিক গল্প। ঈদ উপলক্ষে নির্মিত এই একক নাটকের নাম ‘ওয়ারিশ’।

যেখানে তৌসিফ আর ইয়াশকে দেখা যাবে দুই ভাইয়ের চরিত্রে। তাদের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, সাফা কবির, প্রিয়ন্তী উর্বি প্রমুখ। নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

‘ওয়ারিশ’ নাটকের একটি দৃশ্য

এই নির্মাতা জানান, ঈদের নাটকগুলোয় প্রেম-বিরহ আর হাস্যরসের গল্প প্রাধান্য পেয়ে আসছে। সেই ধারা থেকে বেরিয়ে একটি পারিবারিক গল্প দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। যেখানে থাকছে বাবা-মা আর দুই ভাইয়ের মধ্যবিত্ত জীবনের এক অন্যরকম গল্প। অনেক সময় নিয়ে নাটকের গল্প লিখেছেন তিনি।

রাফাত বলেন, ‘চিত্রনাট্য শেষ করার পর মনে হয়েছে, দুই ভাইয়ের চরিত্রে তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহান পর্দায় দারুণভাবে তুলে ধরতে পারবেন। সেই ভাবনা থেকে তাদের নিয়ে কাজ করা। বাকি চরিত্রগুলোয় যারা মানানসই তাদেরই বেছে নেওয়া হয়েছে। গল্প, চরিত্র উপস্থাপন, নির্মাণ সব মিলিয়ে নাটকটি দর্শকের মনে ছাপ ফেলবে।

ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 

আরও পড়ুন

×