ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
×

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০৩:৫৬

মৌলভীবাজারে পূর্ব শত্রুতার জের ধরে রাজন মিয়া (৩৩ ) নামে এক যুবককে ধরে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। 

নিহত রাজন মিয়া সদর উপজেলার বুদ্ধিমন্তপুর গ্রামের আশিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নিহত রাজন দীর্ঘদিন ধরে জেলা শহরের সুলতানপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে শহর থেকে গ্রামের বাড়ি বুদ্ধিমন্তপুর যাওয়ার উদ্দেশে বের হলে শহরতলীর বালিকান্দি খেয়াঘাট এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নিকটবর্তী হিলালপুর গ্রামে গিয়ে ধারালো অস্ত্রের সাহায্যে তাকে কুপিয়ে হত্যা করে। এরপর রাজনের মরদেহ একটি সিএনজি চালিত অটোরিক্সা করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায়।

মৌলভীবাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সাল জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৪ জন এক যুবককে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে সামনে রেখে পালিয়ে যান। পরে ওই বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনা তদন্তে পুলিশের কাছে হাসপাতালের সিসিটিভির ফুটেজ হস্তান্তর করা হয়েছে। 

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেব হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাজন শহরতলীর হিলালপুরে এলাকার পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত আসামী। তিনি এ মামলায় জামিনে ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে না অন্য কোনো কারণে রাজনকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×