ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এসআইয়ের বিরুদ্ধে ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

এসআইয়ের বিরুদ্ধে ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০৫:৪৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ | ০৫:৫০

ডাকাতি মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে গরু বিক্রির নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলামের বিরুদ্ধে। 

উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা গ্রামের মৃত দরদ আলী শেখের ছেলে গরু ব্যবসায়ী আজাদ আলী শেখ এ ঘটনায় শাহজাদপুর পুলিশের সার্কেল অফিসার বরাবর সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে জানা যায়, পাবনার বেড়া উপজেলার হাটে গরু বিক্রি শেষে গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শাহজাদপুরের করতোয়া সেতুর পাশ থেকে আজাদসহ ৩ জনকে ধরে থানায় আনেন এসআই সামিউল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে গরুর বিক্রির প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা জমা নেন। থানায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাতে মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় ৯৩ হাজার টাকা রেখে বাকি ২ লাখ ৪৫ হাজার টাকা ফেরত দেন এসআই সামিউল ইসলাম। বাকি টাকা চাইলে ডাকাতি মামলার ফাঁসানোর ভয়ভীতি দেখিয়ে তাদের থানা থেকে বের করে দেন। পরে ভুক্তভোগী গরু ব্যবসায়ী আজাদ উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও সার্কেল অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, নিয়মিত চেকিংকালে ৩ জনকে ধরা হয়। পরে ওই ঘটনায় জিডি করে ব্যবসায়ী আজাদসহ ৩ জনকে গরুর বিক্রির টাকাসহ মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। এরপরও ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণ আমার বোধগম্য নয়। 

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, অভিযোগের বিষয়টি সার্কেল অফিসার তদন্ত করছেন। তদন্ত শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত এসআই সামিউল ইসলাম দাবি করেন, গতিবিধি সন্দেহজনক হওয়ায় থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের কাছ থেকে কোন টাকা রাখা হয়নি। সম্পূর্ণ টাকাই বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×