পদ্মার চরে যুবককে গলা কেটে হত্যা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০১:১৮
রাজশাহীর বাঘায় জাকির হোসেন (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৩নং কালিদাসখালি পদ্মার চর এলাকায় মোটর ক্ষেত থেকে দৃষ্টি প্রতিবন্ধী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জাকির ওই গ্রামের খালেক মোল্লার ছেলে। পেশায় কৃষক। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
নিহতের চাচাতো ভাই রাশিদুল জানান, বেগুন কিনতে আসা লোকজন ক্ষেতের মধ্যে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে তারা গিয়ে জাকিরের মরদেহ শনাক্ত করেন।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিহত জাকির হোসেনের বাবা আব্দুল খালেক মোল্লা জানান, অসুস্থতার কথা বলে এশার নামাজের পর ওষুদ কেনার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়িতে ফেরা না দেখে স্বজনদের নিয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরদিন সকালে লোকমুখে খবর পেয়ে রাশিদুলের মোটর ক্ষেতে জাকিরের গলা কাটা মরদেহ পান।
- বিষয় :
- রাজশাহী
- বাঘা
- গলা কেটে হত্যা
