দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিতমন্ত্রী- সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৫:৫৮
জনপ্রশাসন প্রতিতমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। সেই লক্ষে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজের বিলম্ব যেখানে দুর্নীতি সেখানেই। বিলম্বগুলো করাই হয় দুর্নীতি করার জন্য। কোন ক্রমেই যাতে কাজের বিলম্ব না হয়, সেজন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার দুপুরে মেহেরপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, মানুষকে যেন কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয় সে বিষয়ে কাজ করছে সরকার। এ সব কিছুর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে জনবান্ধব হিসাবে গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, জনপ্রশাসনের কাজের গতি বাড়াতে এই ইনোভেশন শোকেসিং মেলার আয়োজন করা হয়েছে। প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করছে। আর এরই মাধ্যমে নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশ শীঘ্রই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ন কবীর। মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলীসহ খুলনা বিভাগরে ১০ জেলার জেলা প্রশাসক, এছাড়া ইনোভেশন প্রস্তুত প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে আয়োজিত ইনোভেশন শোকেসিং মেলায় খুলনা বিভাগের ১০টি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। এ সময় প্রতিটি স্টল ঘুরে দেখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মেলাটি রোববার বিকেল পর্যন্ত চলবে।
