ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তিস্তা চুক্তির প্রস্তাব তৈরি হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা চুক্তির প্রস্তাব তৈরি হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
×

বরিশাল সদর উপজেলার চরকাউয়ায় ইউনিয়ন পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৮:৩৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০৮:৪৭

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের সংশ্নিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে প্রস্তাব তৈরির কাজ চলছে। ভারতের পানিসম্পদ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে শিগগির তিস্তা চুক্তি সম্পন্ন হবে। 

শনিবার বরিশাল সদর উপজেলার চরকাউয়ায় ইউনিয়ন পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিস্তা চুক্তির অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো।

এর আগে প্রতিমন্ত্রী ভিত্তিফলক উন্মোচন এবং মোনাজাতের মাধ্যমে পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। 

এ সময় তিনি বলেন, শুধু পাকা ভবন করলেই হবে না, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নানামুখী পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় শিক্ষিত করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রজত কুমার দাস, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, দুই কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত চার তলাবিশিষ্ট এ ভবনে প্রতি তলায় তিন হাজার বর্গফুট হিসেবে চার তলায় মোট ১২ হাজার বর্গফুট জায়গা থাকবে।

আরও পড়ুন

×