সিরাজদিখানে একই রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২ | ২৩:২২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ | ২৩:২২
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গভীর রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল স্বর্ণালংকার, মোবাইল সেটসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের কালিপুর সরকার বাড়ি এবং রাজানগর ইউনিয়নের বাঐখোলা গ্রামের ২ বাড়িতে দুর্ধর্ষ ওই ডাকাতি সংঘটিত হয়।
হাজী মো. হাসমত খান বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে আমাকে প্রথমে জিম্মি করে। এরপর আমার বাড়ি থেকে মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে পালিয়ে যায়।'
একই রাতে রাজানগর ইউনিয়নের বাঐখোলা গ্রামের আব্দুস সামাদ মাস্টারের বাড়িতে হানা দেয় ডাকাত দল। এ সময়ে অস্ত্র সজ্জিত ডাকাত দলটি সামাদ মাস্টারের স্ত্রী ও ছেলের বউয়ের গলার চেইন ও কানের দুল লুট করে নেয়।
সামাদ মাস্টারের ছেলে মোহাম্মদ উল্লাহ বলেন, পিস্তল ও রামদাসহ ৬/৭ জনের একটি ডাকাত দল আমাদের বাড়িতে হানা দেয়। এসময় তারা দুই ভরির মত স্বর্ণ লুট করে নিয়েছে। তবে আমার ডাক চিৎকারে ডাকাত দল পালিয়ে যায়।
চিত্রকোট ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হুদা বাবুল ও রাজনগর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জোড়া ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ডাকাতি হয়েছে কিনা আমার জানা নেই। তবে গত রাতে উপজেলার দুই বাড়িতে চুরি হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
