ভিক্ষুকের কোলে নবজাতক রেখে মা উধাও
প্রতীকী ছবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৯:১২
কিশোরগঞ্জের ভৈরবে দুই থেকে তিন দিন বয়সী এক নবজাতককে ভিক্ষুকের কোলে রেখে উধাও হয়ে গেছে মা। শুক্রবার রাতে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ের ইসলাম ফার্মেসির সামনে বসা এক ভিক্ষুক নারীর কাছে কৌশলে নবজাতক কন্যাকে রেখে ওই মা সটকে পড়েন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ওই ভিক্ষুক নারীর কাছে কালো চাদর গায়ে জড়ানো এক নারী খাবার খেয়ে আসার কথা বলে নবজাতকটিকে রেখে যায়। কিন্তু দীর্ঘ সময় পরেও ওই নারী ফিরে না আসায় তিনি বিষয়টি ফার্মেসির মালিক আশরাফুল আলম মুকুলকে জানান। ফার্মেসি মালিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানাকে জানালে তিনি এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের মাধ্যমে নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে শিশুটি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, শিশুটি দুই থেকে তিন দিন বয়সী হবে। ফুটফুটে শিশুটি সুস্থ রয়েছে।
এদিকে, এ ঘটনায় ইসলাম ফার্মেসির মালিক আশরাফুল আলম মুকুল ভৈরব থানায় একটি জিডি করেছেন। উপজেলা সমাজসেবা কার্যালয় এ ব্যাপারে প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছে।
