কুমিল্লায় মুজিববর্ষের বর্ণিল উৎসব
বঙ্গবন্ধু আজ ও আগামীর সেতুবন্ধন: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ১০:২৩
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দমেলায় লোকে লোকারণ্য কুমিল্লার লালমাই উপজেলার বাঘমারা জামতলী মাঠ। এরই মধ্যে আরেক জমকালো আয়োজন 'মুজিববর্ষ ভিক্টোরিয়ানস ক্রিকেট টি২০ টুর্নামেন্টে'র ট্রফি উন্মোচন করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মুজিব শতবর্ষ উৎসবের প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আগামী প্রজন্মের কাছে রেখে যেতে চাই। বঙ্গবন্ধু হচ্ছেন আজ ও আগামীর সেতুবন্ধন। এ জন্যই এই আনন্দ আয়োজন।
সারাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লা-১০ আসনের জনগণ ও কুমিল্লা ভিক্টোরিয়ানস লালমাই উপজেলার মাঠে আনন্দ উৎসবের আয়োজন করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দমেলা উদ্বোধনের আগে সংবাদ সম্মেলনে এ এলাকার সাংসদ অর্থমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে দেখেছেন, তাদের কাছে বঙ্গবন্ধু একরকম। এখনকার আমাদের যে তরুণ সমাজ, তারা বঙ্গবন্ধুকে দেখেনি, এমনকি মুক্তিযুদ্ধও করার সুযোগ পায়নি। তাদের সঙ্গে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি।
অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এটি অত্যন্ত শাশ্বত সত্য, এই সত্যকে মানুষের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। তিনি বলেন, আমি লক্ষ্য করলাম, কোনো একটা লক্ষ্য সামনে রেখে কাজ করলে সবাইকে সম্পৃক্ত করা যায়। সবাইকে সম্পৃক্ত করা না গেলে আমাদের সব আয়োজন, সব উদ্দেশ্য ব্যর্থ হবে। যারা বঙ্গবন্ধুকে সামনে থেকে দেখেনি, তাদের সঙ্গে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের এ আনন্দ আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
অর্থমন্ত্রী আরও বলেন, আমি এই এলাকার নির্বাচিত এমপি। এখানে ১০ লাখ লোকের বসবাস। একটা বিরাট জনগোষ্ঠী। আমি লক্ষ্য করলাম যে, আমি যদি এটি শুরু করতে পারি, তাহলে অন্যান্য এলাকার এমপি-মন্ত্রীরা এগিয়ে আসবেন এভাবে মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠান আয়োজন করতে। তাহলেই বঙ্গবন্ধুর আদর্শ আমাদের তরুণ সমাজসহ আগামী প্রজন্মের কাছে, যারা এই পৃথিবীতে আসেনি, তাদের কাছেও আমরা রেখে যেতে পারব। পরে অর্থমন্ত্রী মুজিববর্ষ ভিক্টোরিয়ানস ক্রিকেট টি২০ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। জেলার মোট ১৭ উপজেলার ১৭টি দল ও সিটি করপোরেশনসহ ১৮টি দল এতে অংশ নেবে। খেলা শুরু হবে ২৮ জানুয়ারি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি, ইআরডি সচিব মনোয়ার আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামাল।
অর্থমন্ত্রীর মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, আমাদের সার্থকতা হচ্ছে কুমিল্লা-১০ আসনের সবাই বঙ্গবন্ধুর চেতনায় একত্র হয়ে অনুষ্ঠানটিতে কাজ করছি। তিনি বলেন, অন্য অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানটির পার্থক্য একটাই, সেটি হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন। তার জন্মের শতবর্ষের এ দিনটি আগে কখনও আসেনি, ভষিষ্যতেও আসবে না। বাঙালি জাতি হিসেবে এটি আমাদের সবচেয়ে সৌভাগ্য যে আমরা দিনটি পেয়েছি।
- বিষয় :
- মুজিববর্ষ
