দেড় হাজার টাকার ধান মাড়াই এখন ১ টাকায়
ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ০৪:৪৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ০৪:৪৫
খুলনার তেরখাদা উপজেলার পুটিমারী বিলে বোরো ধান কাটা শুরু হয়েছে। এক বিঘা জমির ধান কাটার পর মাড়াই করতে দেড় থেকে দুই হাজার টাকা দিতে হয় শ্রমিকদের। আর ধান কাটতে খরচ হয় আড়াই থেকে ৩ হাজার টাকা। আবার টাকা দিয়েও শ্রমিক পাওয়া যায় না। এমন অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ওই এলাকার আরেক চাষী ও খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ। বিলের কৃষকদের ধান মাড়াইয়ের জন্য যন্ত্র উপহার দিয়েছেন তিনি।
গতবছর ওই বিলের কৃষকদের একটি ধান কাটার মেশিন উপহার দিয়েছিলেন পলাশ। যন্ত্র দুটির ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১ টাকা। কৃষকরা ১ টাকা দিয়ে ধান কাটা এবং ১ টাকা দিয়ে ওই ধান মাড়াইয়ের জন্য যন্ত্র দুটি ব্যবহার করতে পারবেন।
শনিবার দুপুরে ধান মাড়াইয়ের ট্রেসার উপহার দেওয়ার সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয়রা কৃষকরা উপস্থিত ছিলেন।
তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এক বিঘা জমির ধান কাটতে ৫ জন শ্রমিকের একদিন সময় লাগে। এতে কৃষকের প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা খরচ হয়। এক বিঘা জমির ধান মাড়াই করতেও একদিন সময় লাগে। দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। মেশিন দিয়ে ১ ঘণ্টার মধ্যে ১ বিঘা জমির ধান এবং ৩০-৪৫ মিনিটের মধ্যে সেগুলো মাড়াই করা সম্ভব।
তেরখাদার ওই বিলে যুবলীগ নেতা শফিকুর রহমান পলাশেরও কৃষি, মৎস্য ও সবজি খামার রয়েছে। সমকালকে তিনি বলেন, নিজের জমিতে আবাদ করতে গিয়ে কৃষকদের কষ্ট ও দুর্ভোগ দিয়েছি। এজন্য নিজের জমির আয় দিয়েই তাদের জন্য যন্ত্র দুটি কিনে দিয়েছে। কৃষকরা যাতে নিজেদের ছোট না ভাবে এজন্য ১ টাকা প্রতিকী মূল্যে নির্ধারণ করা হয়েছে। কৃষকরা ১ টাকা দিয়ে ধান কাটা এবং ১ টাকা দিয়ে মাড়াই করবে। কৃষকরা নিজেরা তালিকা করে নির্ধারণ করবেন কখন বা কবে কে কে ধান কাটবেন।
তিনি বলেন, বোরো ধান ওঠার পর সবাই জমিতে অন্যান্য ফসল চাষ করেন। জমি তৈরি করতেও সমস্যা হয়। এজন্য কৃষকদের জন্য একটি পাওয়ার টিলার বা ট্রাক্টর বুকিং দিয়েছি। আগামী মাসে এটি চলে আসবে। এটিও কৃষকরা ১ টাকা প্রতিকী মূল্যে ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবেন।
পুটিমারি বিলের কৃষক আলাল মোল্লা জানান, ধানে যে আয় হয় শ্রমিকের মজুরি দিতেই অনেক চলে যায়। আবার টাকা নিয়ে শ্রমিকদের পেছনে ঘুরতে হয়। মেশিন পেয়ে আমাদের খুব উপহার হয়েছে।
- বিষয় :
- খুলনা
- তেরখাদা
- পুটিমারী বিল
- ধান কাটা
- ধান মাড়াই