ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সিলেটে মার্কিন রাষ্ট্রদূত

দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও শ্রমবাজার প্রাধান্য

দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও শ্রমবাজার প্রাধান্য
×

ছবি- সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৪:২১

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সফরকালে সরকারের দুই মন্ত্রীর সঙ্গে আলাদা সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে সিলেটের সার্বিক উন্নয়ন, পর্যটন, মার্কিন বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসীর অবদান এবং নতুন শ্রমবাজার সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদলের বৈঠকটি নগরের অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন খাতের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের টেকসই উন্নয়নের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া ডিজিটাল প্রযুক্তি খাতের বিকাশ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, বিশেষ করে সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে কর্থাবার্তা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী, মুফতি আবুল হাসান প্রমুখ। 

এদিকে মার্কিন রাষ্ট্রদূত সিলেটের সার্কিট হাউসে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে দেশটিতে বসবাসরত বাংলাদেশি বিশেষ করে সিলেটি প্রবাসীদের গৌরবোজ্জ্বল অবদান ও তাদের কল্যাণবিষয়ক নানা দিক গুরুত্ব পায়।

বৈঠক শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নকে এই ধরনের আলোচনা আরও গতিশীল করবে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান বাজার সম্প্রসারণে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ইতিবাচক ফল হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজার ফের উন্মুক্ত হয়েছে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঐতিহাসিক কিন ব্রিজসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।

আরও পড়ুন

×