আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০০:৩১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ০৩:৩৩
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডে একটি ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
নিহতরা হলেন-পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দীপ্তি রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দিপা রায় (৩৫) ও দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)। আহত দুইজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ভবনটির দোতলায় একটি বাসায় আগুন ছড়িয়ে পড়ে। সেখানে আটকা পড়েন পরিবারের লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। মরদেহগুলো উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি।
- বিষয় :
- মৌলভীবাজার
- আগুন
- নিহত
