ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ইআরএফে বাণিজ্যমন্ত্রী

সিলেট ও পাবনায় এসএমই শিল্পপার্ক করবে বিসিক

সিলেট ও পাবনায়  এসএমই শিল্পপার্ক করবে বিসিক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:২৪

| প্রিন্ট সংস্করণ

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এসএমই খাত চাঙ্গা করলেই অর্থনীতিতে প্রাণ আসবে। সে জন্য সরকার এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সিলেটে ২০০ একর ও পাবনায় ২০০ একর জমিতে শিল্প পার্ক করবে বিসিক। ঠাকুরগাঁওয়ের শিল্প পার্কের সম্প্রসারণ করা হবে।
গতকাল বুধবার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম

(ইআরএফ) এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনার মাধ্যমে বেসরকারি বিনিয়োগে গতি ফেরানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। বাজার স্থিতিশীল ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য জ্বালানি তেল, সয়াবিন তেলসহ আমদানিনির্ভর বিভিন্ন পণ্যের ‘কৌশলগত রিজার্ভ’ নিশ্চিত করবে সরকার।
ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম। সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একটি প্রতিষ্ঠানের নতুন ব্যবসা শুরু করতে যন্ত্রপাতি আমদানি পর্যায়ে যেতে যেসব লাইসেন্স লাগে, তা পেতে সময়সীমা ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামিয়ে আনা হবে। অন্যান্য লাইসেন্সও যাতে ভোগান্তি ছাড়া একটা কাঠামোর মধ্যে পায়, তা নিশ্চিত করা হবে।
মূল প্রবন্ধে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের জন্য এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থাপিত ১১৩টি প্রস্তাবের মধ্যে ৩৬টি প্রস্তাব সম্পূর্ণ বা আংশিকভাবে গৃহীত হয়েছে। বাজেটের বিভিন্ন প্রস্তাবনায় সিএমএসএমই খাতের জন্য প্রায় সাত হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসএমই খাতের উন্নয়নে জাতীয় শিল্পনীতি ২০২২, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬ (খসড়া), ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩ এবং রপ্তানি নীতিমালা (২০২৪-২০২৭) এসএমই খাতের জন্য বিভিন্ন কর ছাড় ও প্রণোদনার সুপারিশ রয়েছে। 

আরও পড়ুন

×