কেক নিয়ে ঝগড়া, রাজাপুরে ভাইয়ের দায়ের কোপে ভাই নিহত
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০০:৪০
ঝালকাঠির রাজাপুরে দুই ভায়ের মধ্যে কেক নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান হাওলাদার। সোমবার রাজাপুর উপজেলার কেওতা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত আব্দুর রহমানের দাদা খালেক হাওলাদার বাদী হয়ে তার ছোট নাতি আব্দুল্লাহ হাওলদারকে আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত আব্দুর রহমান হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং অভিযুক্ত আব্দুল্লাহ কেওতা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। তাদের বাবা সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দিকী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, রাতে বাড়িতে কেকের ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক ও হাতাহাতি হলে ছোট ভাই আব্দুল্লাহ ঘর থেকে ধারালো দা এনে বড় ভাই আব্দুর রহমানের মাথায় কোপ দেয়। এতে তার মাথায় গুরুতর জখম হলে ১১টা দিকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
- বিষয় :
- রাজাপুর
- খুন
- ভাইয়ের হাতে
