বগুড়ায় ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক
বগুড়া ব্যুরো
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১০:০০
বগুড়ায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাতে সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ি গ্রামে সাথী হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- বগুড়া সদরের মৃত মিজানুর রহমানের ছেলে নিশাত আনাম (১৯) ও শাহিনুর ইসলামের ছেলে সৈকত ইসলাম (২১)। বৃহস্পতিবার র্যাব বগুড়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বগুড়া র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, আটক দুই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেসবুক গ্রুপে তাদের সক্রিয় সদস্য রয়েছে। ইতোমধ্যে তারা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকাও নিয়েছেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- ভুয়া প্রশ্ন ফাঁস চক্র
- দুই সদস্য আটক
- বগুড়া
