ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দ্বিগুণ মজুরি পেয়ে উচ্ছ্বসিত খুলনার পাটকল শ্রমিকরা

দ্বিগুণ মজুরি পেয়ে উচ্ছ্বসিত খুলনার পাটকল শ্রমিকরা
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১০:২৬

দীর্ঘ আন্দোলনের পর নতুন মজুরি কমিশনের অর্থ হাতে পেয়েছেন খুলনার পাটকল শ্রমিকরা। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের শ্রমিকরা দুই সপ্তাহের মজুরি পেয়েছেন। মজুরি কমিশন বাস্তবায়ন হওয়ায় মজুরি বেড়ে দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ হারে মজুরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খুলনার পাটকল শ্রমিকরা।

এদিকে খুলনা অঞ্চলের নয়টি পাটকলের মধ্যে আটটি পাটকলের শ্রমিকরা গতকাল মজুরি পেয়েছেন। খুলনার আলিম জুট মিলের শ্রমিকরা এখনও মজুরি পাননি। এর প্রতিবাদে মিল এলাকায় বিক্ষোভ করেছেন তারা।

বিজেএমসির খুলনা আঞ্চলিক সমন্বয়কারী বনিজ উদ্দিন মিঞা সমকালকে বলেন, বৃহস্পতিবার সকালেই পাটকলগুলোতে মজুরির টাকা পাঠিয়ে দেওয়া হয়। দুপুর ১২টা থেকে আটটি মিলে মজুরি দেওয়া শুরু হয়। এর আগে এই আটটি মিলের শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ছিল প্রায় তিন কোটি টাকা। নতুন মজুরি কমিশনের বর্ধিত হিসাব অনুযায়ী গতকাল তাদের প্রায় সাত কোটি টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার খুলনার খালিশপুর শিল্পাঞ্চল এলাকা ঘুরে শ্রমিকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। খুলনার প্লাটিনাম জুট মিলে দুপুর ১২টা থেকে মজুরি প্রদান শুরু হয়। সাপ্তাহিক মজুরির দ্বিগুণ টাকা হাতে পাওয়ায় খুশিতে উদ্বেলিত হয়ে পড়েন শ্রমিকরা। মজুরি পেয়ে একে অন্যকে জড়িয়ে ধরেন।

প্লাটিনাম জুট মিলের স্থায়ী শ্রমিক ফিরোজ মিয়া বলেন, আগে সারা সপ্তাহ কাজ করে দুই হাজার ৩০০ টাকা পেতাম। এতে সংসার চালানো কষ্টকর হয়ে যেত। অনেকে এর চেয়েও কম টাকা পেত। আজ সাড়ে চার হাজার টাকা পেয়েছি। দেরি করে হলেও আমাদের ন্যায্য পাওনা পেয়ে আমরা খুশি।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, টাইম রেট শ্রমিকদের আগে সপ্তাহিক মজুরি ছিল গ্রেড অনুযায়ী ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। এখন তা বৃদ্ধি পেয়ে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা হয়েছে। অন্যান্য সপ্তাহের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের দাবি জানান তিনি।

পাটকল শ্রমিক ও নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে পে-কমিশনের সঙ্গে মজুরি কমিশন ঘোষণা করা হয়। কিন্তু চার বছরেও রাষ্ট্রায়ত্ত পাটকলে ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। দীর্ঘ সাড়ে চার বছর আন্দোলনের পর শ্রমিকরা ডিসেম্বর মাস থেকে আমরণ অনশন শুরু করে। চলতি বছরের ২ জানুয়ারি সরকার মজুরি কমিশন বাস্তবায়নের ঘোষণা দেয়। সে অনুযায়ী চলতি বছরের ১৬ জানুয়ারি মিলগুলোতে পে-স্লিপ প্রদান করা হয়।

পাটকল শ্রমিক ও নেতারা আরও জানান, বৃহস্পতিবার মাত্র দুটি সপ্তাহের মজুরি প্রদান করা হয়েছে। বর্তমানে পাটকলগুলোর শ্রমিকদের ৬ থেকে ৯ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে।

আরও পড়ুন

×