অনুপ্রবেশকারী ৬৩ ভারতীয় জেলেকে সমুদ্রপথে পুশব্যাক
ভারতে পুশব্যাক করা জেলেদের কয়েকজন -সমকাল
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১০:২৭
বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বাগেরহাট কারাগারে আটক ৬৩ ভারতীয় জেলেকে ভারতে পুশব্যাক করা হয়েছে।
বুধবার রাত ২টার দিকে ৫টি মাছ ধরা ট্রলারসহ সমুদ্রপথে তাদের পুশব্যাক করা হয়। এর আগে সকালে বাগেরহাট আদালতের বিচারক আটক জেলেদের মুক্তি দিলে সমুদ্রপথে পুশব্যাকের জন্য বিকেলে তাদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত বছরের ২ অক্টোবর থেকে ৪ দফায় এসব জেলেকে সুন্দরবন উপকূলের বাংলাদেশ সমুদ্রসীমায় মাছ শিকারের সময় আটক করেন নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। তবে ৬৩ ভারতীয় জেলে মুক্তি পেলেও একই অপরাধে আটক আরও ৮২ জন বাগেরহাট কারাগারে রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ভারতীয় এই জেলেদের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে সুন্দরবন উপকূলে মাছ শিকারের অপরাধে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা আটক করেন। গত বছরের ২ অক্টোবর থেকে ৪ দফায় পাঁচটি মাছ ধরা ট্রলারসহ তাদের আটক করে মোংলা থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সমুদ্র আইনে মামলা করে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। গত বুধবার গভীর রাতে জোয়ারের সময় সমুদ্রপথে তাদের পুশব্যাক করা হয়েছে।
- বিষয় :
- ভারতীয় জেলে
- ভারতে পুশব্যাক
- বঙ্গোপসাগর
