চাদাঁ না পেয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১০:৫২
কুমিল্লায় চাদাঁ না পেয়ে মুক্তার হোসেন নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলায় ওই প্রবাসীর অপর দুই ভাই মারাত্মক আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে। আহতরা হচ্ছেন- নিহত প্রবাসীর ভাই ইমাম হোসেন ও মো. খোকন মিয়া।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার কালিরবাজারের আনন্দপুর গ্রামে নতুন বাড়ি তৈরি করছিলো সৌদি প্রবাসী ৩ ভাই। তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল স্থানীয় সন্ত্রাসী কালা ফিরোজ, তিতাস ও তাদের সহযোগীরা। চাঁদা না পেয়ে বৃহস্পতিবার রাতে ওই সন্ত্রাসীরা কুপিয়ে ৩ সহোদরকে আহত করে। এতে ঘটনাস্থলেই প্রবাসী মুক্তার হোসেনের মৃত্যু হয়। আহত অপর দুই ভাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন জানান, মুক্তার হোসেন নামের প্রবাসী খুন হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা সম্ভব হয়নি।
- বিষয় :
- কুমিল্লা
- কুপিয়ে হত্যা
