টমেটো-বড়ইয়ের নিচে বোতল বোতল ফেনসিডিল
ফেনসিডিলসহ আটকরা -সমকাল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১৬ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০৫
পটুয়াখালীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী।
রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার হাজিখালী এলাকায় একটি টমেটো ও বড়ই ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে পাঁচটি প্লাস্টিকের ক্যারেটে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. রুহুল আমিন (২১), মো. রুবেল (৩৭) ও মো. হামিদুর রহমান (১৯)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকায়।
দুপুরে এ বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, আটকরা ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী ভোলারহাট এলাকা থেকে পটুয়াখালীতে নিয়ে আসে। এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে এবং সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এ চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
