ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৬৪ জেলায় যাবে ট্রেন: রেলমন্ত্রী

৬৪ জেলায় যাবে ট্রেন: রেলমন্ত্রী
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৫৩

দেশের ৬৪ জেলায় ট্রেন নিয়ে যেতে কাজ চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য ভাবেন, দেশের জনগণের কথা চিন্তা করেন। তার সুদূরপ্রসারী পরিকল্পনায় রেল আবারও সগৌরবে ফিরে এসেছে। আর তার নির্দেশেই দেশের প্রত্যেকটি জেলায় ট্রেন নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে।

রোববার বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রেল মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, একসময় রেলওয়ে তার স্বকীয়তা হারাতে বসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনায় এই রেল স্বকীয়তা ফিরে পেয়েছে। তার নির্দেশেই ঢাকায় মেট্রো ট্রেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন, চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন করা হচ্ছে। 

রেলমন্ত্রী সুজন চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে লাকসাম ও টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে উল্লেখ করে বলেছেন, এই প্রকল্পের কাজ শেষ হলে রেলের ই রুটে বৈপ্লবিক পরিবর্তন হবে। চট্টগ্রাম থেকে ঢাকা খুব কম সময়ে যাওয়া যাবে।

এদিকে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত রেলের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে রেলওয়ের পক্ষ থেকে ক্যাপ দেওয়া হয়। কিন্তু রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সামনেই রেল শ্রমিক লীগের একাংশের কর্মীরা এই ক্যাপ নিয়ে চরম হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ নিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসা অতিথি ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরক্ত প্রকাশ করতে দেখা যায়।

আরও পড়ুন

×