মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে শপথ করালেন মেয়র নাছির
শপথ পাঠ করছেন সমাবেশে আগতরা -সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪৬
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নগরবাসীকে শপথ পাঠ করিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার বিকালে নগরের লালদিঘী মাঠে সিটি করপোরেশন আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতিবিরোধী মহাসমাবেশে এ শপথ পাঠ করান তিনি। এসময় উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ ও চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির বলেন, ২০৪১ সালের মধ্যে প্রত্যাশিত উন্নত বাংলাদেশ বিনির্মাণে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও যৌতুক প্রধান অন্তরায়। এগুলো থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। সেই জন্য জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন ৪১টি ওয়ার্ডে এসবের বিরুদ্ধে জনমত তৈরিতে সভা-সমাবেশ করেছে।
বিট্রিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামের সুতিকাগার চট্টগ্রাম উল্লেখ করে মেয়র নাছির বলেন, পূর্বসুরিদের পথ অনুসরণ করে চট্টগ্রামকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও যৌতুকমুক্ত রাখতে আমরা বদ্ধ পরিকর। নিরাপদ বাসযোগ্য পরিকল্পিত চট্টগ্রাম ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এসব অপরাধ থেকে নিজেদের রক্ষা করবো, পরিবারকে রক্ষা করবো, এই নগরকে মুক্ত রাখবো।
সমাবেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ বলেন, 'বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সারা বিশ্বে শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের সেই অগ্রযাত্রা ও অর্জন থামিয়ে দিতে প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা ট্যাবলেট প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। ২০১৮ সালে মায়ানমার শুধু ইয়াবা ব্যবসা করে ৬ বিলিয়ন ডলার আয় করেছে। বাংলাদেশ থেকে ইয়াবার মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাতে সামনের সারিতে থেকে চট্টগ্রাম নেতৃত্ব দেবে বলে আশা করছি।'
তিনি বলেন, মাদকাসক্ত সন্তানের হাতে তিন'শরও বেশি মা-বাবা খুন হয়েছেন। কারণ মাদক গ্রহণ করলে সন্তান আর সন্তান থাকে না। তারা জন্তু জানোয়ারে পরিণত হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে কিনা তা মা-বাবাদের নজর রাখতে হবে। মাদক বিক্রয়ের স্থানের কথা জানলে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানান। দেশে ৭০ লাখের বেশি মাদকসেবী। এসব মাদক প্রতিবেশী দেশ থেকে আসছে। জনতাই আমাদের দূত। আপনারা আমাদের খবর দেবেন।
বাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাড়াটিয়া যদি এমন হয় কারও সঙ্গে মেশে না, আচরণ সন্দেহজনক, জঙ্গিরা বোমা বানাচ্ছে কিনা-এসব নজর রাখবেন। সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেবেন।
সিটি করপোরেশনের কাউন্সিলর এইচ এম সোহেলের সভাপতিত্বে ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।
