ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র ছিঁড়ল বখাটেরা

প্রেমে ব্যর্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র ছিঁড়ল বখাটেরা
×

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫২ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ২১:৫৬

লক্ষ্মীপুরের কমলনগরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর প্রবেশপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে বখাটেরা। এ সময় বখাটেরা অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকিও দেয় ওই ছাত্রীকে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলায় পরীক্ষা দেওয়া হয়নি তার। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, তানজিনা আক্তার নামে ওই ছাত্রী এবার উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সহপাঠী উপজেলার চরফলকন এলাকার কামাল হোসেনের ছেলে নাইমুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এতে সাড়া না দেওয়ায় নাইমুল ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার সকালে তানজিনার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি কেন্দ্রে যাওয়ার সময় আইয়ুবনগর এলাকায় নাইমুলের সহযোগী তিন বখাটে গতিরোধ করে। এ সময় তার কাছ থেকে প্রবেশপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে তারা। নাইমুলের সঙ্গে সম্পর্ক না করলে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকিও দেয়। এতে তানজিনা আতঙ্কগ্রস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়। এ কারণে পরীক্ষায় বসতে পারেনি ওই ছাত্রী।

তানজিনার বাবা সেকান্তর মিয়া বলেন, নাইমুল প্রায় তানজিনাকে উত্ত্যক্ত করত। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি কেন্দ্রের সুপার ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জায়েদ বিল্লাহ জানান, ওই পরীক্ষার্থীর প্রবেশপত্র ছিঁড়ে ফেলার ঘটনাটি তারা জানতে পেরে ফটোকপি দিয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু ওই ছাত্রী অসুস্থ থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানান, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×