রূপগঞ্জে হাজারো চীনা, করোনা নিয়ে উদ্বেগ
প্রতীকী ছবি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১১:১২ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৫৫
প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রয়েছে দেশি-বিদেশি শতাধিক বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগকারী, প্রকৌশলী, কর্মকর্তা-শ্রমিকসহ বিভিন্ন পদে কর্মরত আছেন এক হাজারের বেশি চীনা নাগরিক। তাদের অনেকেই বসবাস করছেন পরিবার নিয়ে। এসব প্রতিষ্ঠানে চীনাদের সঙ্গে কাজ করছেন দেশি শ্রমিকরাও। চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সেখান থেকে বেশ কয়েকজন ফিরে এসেছেন রূপগঞ্জে। দৈনন্দিন কাজে এলাকার হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় বিচরণ তাদের। এ অবস্থায় করোনাভাইরাস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে রূপগঞ্জের মানুষের মধ্যে। করোনা নিয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের যথাযথ মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।
পাঁচাইখা এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, রূপগঞ্জে দেশের বৃহত্তম পাইকারি বাজার গাউছিয়ায় হাজারো মানুষের সমাগম হয়। চীনা নাগরিকরাও এখানে কেনাকাটা করতে আসেন। খুব আতঙ্কে থাকি। তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানি না। তাদের কেউ আক্রান্ত হলে এ ভাইরাস ছড়িয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়। তাই এ বিষয়ে সরকারের নজরদারি প্রয়োজন।
সরেজমিন দেখা যায়, পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে চায়না-বাংলা ফ্রেন্ডশিপ এপিবিশন নামে বাণিজ্য মেলার স্থায়ী প্যাভিলিয়ন নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ কাজে দুই শতাধিক চীনা নাগরিকের সঙ্গে উপজেলার মধুখালী, শিমুলিয়া, গুতিয়াবো, বাগবেরসহ বিভিন্ন গ্রামের শতাধিক সাধারণ শ্রমিক কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরে চায়না-বাংলা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা চীন থেকে তার পরিবারের অন্য সদস্যদের বাংলাদেশে নিয়ে এসেছেন।
একই চিত্র দেখা গেছে উপজেলার তারাব ও ভুলতা এলাকায়। তারাবর চায়না-বাংলা সিরামিক ফ্যাক্টরিতে কাজ করছেন পাঁচ শতাধিক চীনা শ্রমিক। স্থানীয় হাটবাজারে অবাধ চলাফেরা করছেন তারা। বাসা-বাড়ি ভাড়া নিয়ে এখানকার পাড়া-মহল্লায় থাকছেন তারা। করোনাভাইরাস নিয়ে তারা সচেতন না থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে লাইফএইড হাসপাতালের পরিচালক ডা. তানজিল এহসান অভি বলেন, যে কোনো ভাইরাস বা রোগ ছড়িয়ে পড়লে এটি প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। করোনাভাইরাস যেহেতু চীনের নাগরিকদের মাধ্যমে ছড়াচ্ছে, তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ প্রসঙ্গে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদ আল মামুন বলেন, এ পর্যন্ত রূপগঞ্জে অবস্থানরত কোনো চীনা নাগরিক বা এ দেশের কারও মধ্যে করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে চীনা নাগরিকদের অবাধ চলাফেরার বিষয়ে সজাগ থাকা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- রূপগঞ্জ
- চীনা
- চীনা নাগরিক
- করোনাভাইরাস
