রংপুরে চীনফেরত শিক্ষার্থীর রক্ত-কফের নমুনা ঢাকায়
রমেক হাসপাতালের করোনা বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ওই শিক্ষার্থীকে -সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০২:২৫ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:১৪
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন চীনফেরত শিক্ষার্থীর চিকিৎসায় ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ঢাকার বিশেষজ্ঞ দল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার চীনফেরত ওই শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিভাগে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হতে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) জরুরি বার্তা পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে বিশেষজ্ঞ দল রংপুর পৌঁছে রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে। ওই শিক্ষার্থীর ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
এদিকে তার চিকিৎসায় রোববার সকালে হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এতে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকারকে প্রধান করা হয়েছে। অন্য চিকিৎসকদের মধ্যে আছেন- মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মাহফুজার রহমান, ডা. মো. আশরাফুল হক, ডা. এম এ ওহাব, ডা. মো. শফিউল আলম, ডা. তাপস বোস, ডা. শরিফুল ইসলাম মন্ডল, ডা. কামরুজ্জামান সরকার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আব্দুল মোকাদ্দেম, নিউরো-মেডিসিন বিভাগের ডা. মো. এমদাদুল হক, ডা. সুকুমার মজুমদার ও ডা. নারায়ন চন্দ্র সরকার।
অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ সরকার বলেন, চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই শিক্ষার্থী শনিবার হাসপাতালে এলে তাকে করোনা বিভাগে রাখা হয়। যেহেতু চীন থেকে এসেছেন এবং তার শ্বাসকষ্ট রয়েছে তাই তাকে আইসোলেটেড ওয়ার্ডে রাখা হয়েছে। আইইডিসিআরের মেডিকেল বিশেষজ্ঞরা ওই শিক্ষার্থীর রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। চীন থেকে আসাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখার নিয়ম রয়েছে। তার ১২ দিন হয়েছে। আমরা আরও দু’দিন তাকে পর্যবেক্ষণে রাখব। এছাড়া আইইডিসিআরের প্রতিবেদন দু’দিনের মধ্যে রংপুর মেডিকেলে পৌঁছানার কথা। সেটি না আসা পর্যন্ত আমরা সন্দেহমুক্ত হতে পারছি না।
উল্লেখ্য, নীলফামারী জেলার ডোমারের ওই শিক্ষার্থী আড়াই বছর ধরে চীনের আনুই ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। চীনে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করলে গত ২৯ জানুয়রি দেশে ফেরেন তিনি। শনিবার সকালে তার শ্বাসকষ্ট হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
- বিষয় :
- রংপুর
- করোনাভাইরাস
- চীনফেরত
