মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৪৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৫২
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রোয়াইলবাড়ী বাজারের আশরাফুল উলুম জান্নাতুল মাওয়া মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক আব্দুল হালিম নেওয়াজ সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার পর কিশোরগঞ্জের ভৈরব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণ ও ধর্ষণের পর অন্তঃসত্ত্বা ছাত্রীর পরিকল্পিত গর্ভপাত ঘটানোর অভিযোগে ১৯ জানুয়ারি ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আব্দুল হালিম নেওয়াজ সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ঘটনার পর থেকে শিক্ষক সাগর তার মোবাইল ফোন বন্ধ রেখে বসতবাড়িতে তালা লাগিয়ে আত্মগোপন করেছিল। সাগর তার ব্যবহৃত মোবাইল ফোন কৌশলে বন্ধ রেখে পালিয়ে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তারে কৌশল অবলম্বন করে।
মামলার তদন্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। তাছাড়া ওই ছাত্রী আদালতে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে শিক্ষক আব্দুল হালিম নেওয়াজ সাগরের বিরুদ্ধে ধর্ষণ ও পরবর্তী ঘটনার জবানবন্দিও দিয়েছে।
