ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

পেকুয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

পেকুয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
×

কক্সবাজার প্রতিনিধি ও পেকুয়া সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৭:২২

কক্সবাজারের পেকুয়ায় পরকীয়াজনিত বিরোধের জেরে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত মো. সিফাত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের হারুন মতাববরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের ওই গ্রামের মৃত আব্দু ছত্তরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে সিফাত পার্শ্ববর্তী কাইছারের বাড়ির সীমানায় গিয়ে টিনের বেড়ায় ঢিল ছোড়েন। এ সময় কাইছারের বাবা আবু তাহের বাধা দিতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে সিফাত ধারালো কিরিচ দিয়ে আবু তাহেরের বাম হাতের কবজির ওপর কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত সিফাত পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×