ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

সুমাইয়ার গালের ছোট্ট দাগটি হয়ে উঠলো বিরল রোগ

সুমাইয়ার গালের ছোট্ট দাগটি হয়ে উঠলো বিরল রোগ
×

মায়ের কোলে ছোট্ট সুমাইয়া- সমকাল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৯

পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের দিনমজুর রুসনা সরকার ও লাবণী খাতুনের অভাব-অনটনের সংসার আলো করে জন্ম নেয় ফুটফুটে শিশু সুমাইয়া। তার জন্মে পরিবারে যে আনন্দ দেখা দেয়, অল্প কিছুদিনের মধ্যেই তা কান্নায় রূপ নেয়। বিরল হ্যামান জিওমা রোগে আক্রান্ত সুমাইয়ার চিকিৎসায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। এত টাকা তার দরিদ্র বাবা-মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

রুসনা ও লাবণী জানান, চার মাস আগে সুমাইয়ার জন্ম। জন্মের ২০ দিন পর তার গালে একটি লাল দাগ দেখতে পান লাবণী। প্রথমে স্বাভাবিক মনে হলেও দিন যতই গড়ায় আক্রান্ত স্থানটি আরও বড় হতে থাকে। চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে তারা একে বিরল হ্যামান জিওমা রোগ বলে শনাক্ত করেন। এটি অপসারণ করতে হলে প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। চিকিৎসা ব্যয়ের কথা শুনে রুসনা-লাবণী দম্পত্তির মাথায় আকাশ ভেঙে পড়ে। এত টাকা সংগ্রহ করা তাদের পক্ষে অসম্ভব। ইতোমধ্যে সুমাইয়ার চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতাল, নাটোরের বনপাড়া মিশন হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ঘুরে ঘুরে তাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে।

শিশুটির মা লাবণী খাতুন বলেন, স্বামী দিনমজুরি করে যা পায় তা দিয়েই কোনোভাবে সংসার চলে। টাকার অভাবে আমার শিশুসন্তানকে বাঁচাতে পারব না? যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের এই বিপদে এগিয়ে আসতেন, তাহলে আমরা শিশুটিকে বাঁচাতে পারতাম। রুসনা ও লাবণী সহায়তার জন্য ০১৭৭১-৭৭১৬৮২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

×