ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ, ৫ শিক্ষার্থী বহিষ্কার

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ, ৫ শিক্ষার্থী বহিষ্কার
×

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় -ফাইল ছবি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে র‌্যাগিং করার অপরাধে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৬৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ওই সভায় বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে সম্প্রতি র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। র‌্যাগিংয়ের শিকার এক শিক্ষার্থী এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। অন্যদিকে ঢাকার একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরেক শিক্ষার্থী। হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় সমকাল অনলাইন ওই দুই ছাত্রীর নাম প্রকাশ করছে না।

এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তি দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের র‌্যাগিং-বিরোধী কমিটি তাদের তদন্ত প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৬৭তম সিন্ডিকেট সভায় র‌্যাগিংয়ে জড়িত থাকার দায়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন দ্বিতীয় বর্ষের ছাত্র জাকির হোসেনকে তিন বছর, একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীরুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিপ ও ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসানকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া আরেক ছাত্রীকে র‌্যাগিং করায় সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তোয়াবা নুসরাত মীম ও শায়রা তাসনিম আনিকাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা পারভীনকে অভিভাবকসহ মুচলেকা দেওয়ার শর্তে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর জানান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×