ভাঙ্গায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
নিহতের স্বজনদের আহাজারি- সমকাল
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৪
ফরিদপুরের ভাঙ্গায় ইটভাঙা মেশিনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমির হোসেন মুন্সি (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কলেজপাড় বড় ব্রিজের ঢালে বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেন উপজেলার আলগী ইউনিয়নের সুলনা অপরপট্টি গ্রামের মৃত সিদ্দিক মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাটিকামারী থেকে কাপুড়িয়া সদরদী যাওয়ার উদ্দেশে ইট ভাঙা মেশিনের গাড়িতে রওয়ানা দেন সাত থেকে আট জন শ্রমিক। গাড়িটি বাজারের কলেজপাড় বড় ব্রিজের ঢালে পৌঁছলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি কয়েকটি দোকানে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অন্য যাত্রীরা ছিটকে পড়লেও চালক আমির হোসেন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত আড়াইটার দিকে আমির হোসেন মারা যান।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, স্থানীয়রা আমির হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
- বিষয় :
- ভাঙ্গা
- ফরিদপুর
- সড়ক দুর্ঘটনা
