নতুন আউশ ধানে সাফল্য
ফাইল ফটো
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ | ০১:৪০
নতুন প্রজাতির আউশ ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন মানিকগঞ্জের কৃষকরা। গতকাল সোমবার পরীক্ষামূলক চাষ করা জমির ধান কাটা শুরু করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ জানিয়েছেন, জেলার ১০০ কৃষককে বিনামূল্যে ব্রিধান-৯৮-এর পাঁচ কেজি করে বীজ দেওয়া হয়েছিল। এতে বিঘাপ্রতি প্রায় সাড়ে ২২ মণ (প্রতি হেক্টরে ৬ দশমিক ৬০ টন) ফলন হয়েছে। আউশ জাতের ব্রিধান-৪৮-এ আগে বিঘাপ্রতি সর্বোচ্চ ১৬-১৭ ধান ফলে।
সোমবার সকালে মানিকগঞ্জ পৌরসভার পূর্বদাশড়া গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মুরাদ সেলিমের জমি থেকে ধান কাটা কার্যক্রম শুরু হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষক সেলিম বলেন, বীজ থেকে চারা তৈরি করে মে মাসের ৪ তারিখে ৫ বিঘা জমিতে রোপণ করেছিলেন। আগে জমিতে যে পরিমাণ আউশ ধান পেতেন, এর চেয়ে ফলন বেশি হয়েছে। অন্য কৃষকরা তাঁর কাছে বীজ চেয়েছেন।
- বিষয় :
- আউশ ধান