ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

খুলনায় বাবা-ছেলে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন

খুলনায় বাবা-ছেলে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন
×

খুলনায় বাবা-ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা- ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০১:৩৯ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৮:২৯

খুলনার তেরখাদায় হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখ হত্যা মামলায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ত‌াদের প্রত্যেককে ৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার সকালে এ রায় ঘোষণা করেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদাল‌তে উপ‌স্থিত ছিলেন।

এ মামলার অপর দুই আসা‌মির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দিয়েছেন আদালত। 

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে শেখ আব্দুর রহমান, জমির শেখ, শেখ সাইফুল ইসলাম, খালিদ শেখ, এস্কেন্দার শেখ, জসিম শেখ, হোসেন শেখ, জিয়ারুল শেখ, বাহারুল শেখ, আব্বাস শেখ, অহিদুল গাজী, ইউপি চেয়ারম্যান এস  এম দ্বীন ইসলাম, খায়রুল শেখ, কেরামত মল্লিক, মাহবুব শেখ, বাবু শেখ, নুর ইসলাম। এছাড়া খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন আবু সাইদ বিশ্বাস ও আয়েব শেখ। 

আদালতের পিপি অ্যাডভোকেট মো. আহাদুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে ২০১৯ সালের ৭ আগস্ট গভীর রাতে তেরখাদা উপজেলার পহরডাঙ্গা গ্রামে দুর্বৃত্তরা নাঈম শেখকে কুপিয়ে হত্যা ও তার বাবা হিরু শেখকে কুপিয়ে আহত করে। পরে ৮ আগস্ট নাঈমের মা মাহফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ১২ জনকে আসামি করে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আহত হিরু শেখ ২১ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরী আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন

×