ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দোকান উচ্ছেদের প্রতিবাদে চট্টগ্রাম নগর ভবন ঘেরাও

দোকান উচ্ছেদের প্রতিবাদে চট্টগ্রাম নগর ভবন ঘেরাও
×

ছবি- সংগৃহীত।

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:০২ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:০২

দোকান উচ্ছেদের প্রতিবাদে চট্টগ্রাম নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বস্তিবাসীরা। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তাঁরা। পরে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলে ঘেরাও কর্মসূচি বন্ধ করেন তাঁরা। এ সময় তাঁরা অভিযোগ করেন, বর্তমান অস্থায়ী নগর ভবনটি বস্তিবাসীর পুনর্বাসনের জন্য নির্মাণ করা হয়েছিল। ফ্ল্যাট বরাদ্দ দিয়ে তাঁদের কাছ থেকে টাকাও নেওয়া হয়। কিন্তু ভবন নির্মাণকাজ শেষ হওয়ার পর সেটি তাঁদের বুঝিয়ে না দিয়ে কার্যালয় করেছে সিটি করপোরেশন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টাইগারপাস সিটি করপোরেশনের কার্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে উঠা দোকান আজ দুপুরে উচ্ছেদ করা হয়। এ সময় অন্তত ১০টি দোকান ভেঙে দেওয়া হয়। এরপর ক্ষুব্ধ দোকানিরা ও স্থানীয় বস্তিবাসী মিলে পাশের সিটি করপোরেশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। বেলা ৩টায় বিক্ষোভ চলাকালেই মেয়র রেজাউল করিম চৌধুরী কার্যালয়ে আসেন। পরে নগরের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা দু'জন উচ্ছেদ হওয়া দোকানিদের একই এলাকায় পুনর্বাসনের আশ্বাস দিলে তাঁরা সরে যান।

বস্তির বাসিন্দা রমজান আলী বলেন, 'স্বল্পমূল্যে ফ্ল্যাট দেওয়ার কথা বলে ৫০ বছরের পুরোনো বস্তি উচ্ছেদ করেছিল সিটি করপোরেশন। ৩৩ জন বস্তিবাসীর কাছ থেকে অগ্রিম টাকাও নেওয়া হয়। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পর ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে ভবনটিতে সিটি করপোরেশন কার্যালয় করা হয়েছে। অসহায় বস্তিবাসীরা ছোট ছোট দোকান করে কোনো রকম সংসার চালাচ্ছিলেন। এখন সেটিও ভেঙে দেওয়া হয়েছে। আমাদের তো আর যাওয়ার জায়গা নেই। তাই প্রতিবাদ করেছি।'

এ প্রসঙ্গে মুহাম্মদ আবুল হাশেম বলেন, 'রাস্তা ও ফুটপাত দখল করে দোকান করা হয়েছিল। এতে সিটি করপোরেশনের গাড়ি রাখতে সমস্যা হচ্ছিল। তাই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এখন অন্য স্থানে তাঁদের দোকান করে দেওয়া হবে।' বস্তিবাসীর পুনর্বাসনের জন্য নগরের পাহাড়তলী এলাকায় ২৮ শতক জায়গার ওপর বহুতল ভবন নির্মাণ করা হবে বলেও জানান তিনি।সারা

আরও পড়ুন

×