অসহায় নারীদের মাঝে পানি সরবরাহের কলস ও ট্রলি বিতরণ
খুলনা ব্যুরো
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:০৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১১
খুলনা মহানগরে অনেক অসহায় ও হতদরিদ্র নারী আছেন যারা বিভিন্ন বাসাবাড়ি, অফিস ও দোকানে টিউবওয়েলের পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন। এদের অধিকাংশই বয়সের ভারে দুর্বল। ফলে পানির কলস বহন করা তাদের জন্য দুরূহ। খুলনা জেলা প্রশাসকের অফিসে গণশুনানিতে তোলা দাবির প্রেক্ষিতে এ রকম ১৫ জন অসহায় নারীর মাঝে ট্রলি ও পানির কলস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব নারীর হাতে ট্রলি ও কলস তুলে দেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রত্যেকে একটি ট্রলি ও ছয়টি কলস গ্রহণ করেন।
ট্রলি বিতরণকালে সিটি মেয়র বলেন, সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিডি, ভিজিএফের মতো অসংখ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একইসঙ্গে যারা কর্মক্ষম তাদের কাজের সুযোগ সৃষ্টি করতেও নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি কেসিসির পক্ষ থেকে বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- কলস ও ট্রলি বিতরণ
- অসহায় নারী
- খুলনা
