করোনা নিয়ে কাস্টমস কমিশনারের স্ট্যাটাসে তোলপাড়
যশোর অফিস ও বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৪
ভারত থেকে আসা এক যাত্রীর দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে দাবি করে বেনাপোলের কাস্টমস কমিশনারের দেওয়া ফেসবুক স্ট্যাটাসে নিয়ে তোলপাড় চলছে। তবে পরে ওই স্ট্যাটাসটি প্রত্যাহার করে নেন তিনি। যশোরের সিভিল সার্জন এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, কাস্টমস কমিশনারের স্ট্যাটাসটি বিব্রতকর।
বৃহস্পতিবার দুপুর ১২টা ১৬ মিনিটে বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী তার ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে দাবি করেন, কোলকাতা থেকে আসা ট্রেন বন্ধন এক্সপ্রেসের একজন যাত্রীর দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। ওই যাত্রী দেশে করোনাভাইরাস সনাক্ত হওয়া প্রথম রোগী উল্লেখ করে স্ট্যাটাসে তার নাম-পরিচয় ও ছবি সংযুক্ত করা হয়। বলা হয়, তিনি চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসছিলেন। স্ট্যাটাসটি আপলোডের কয়েক মিনিটেই খবরটি ছড়িয়ে পরে সারাদেশে। শুরু হয় তোলপাড়।
তবে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ডা. আজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বেনাপোলে এমন কোনো রোগী সনাক্ত হয়নি। বরং বন্ধন এক্সপ্রেসে আসা যাত্রীদের মধ্যে দু'জন মাত্র দুদিন আগে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। এর আগে জানুয়ারি মাসে তারা চীন ভ্রমণ করায় তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন করা হয়। কিন্তু তাদের দেহে করোনাভাইরাসের কোনো ধরণের উপসর্গ বা লক্ষণ মেলেনি।
এদিকে এদিন বিকেলে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন তার দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বেনাপোলে করোনাভাইরাসের রোগী সনাক্তের খবরটি একেবারেই ভিত্তিহীন। এ ধরণের গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বেনাপোল কাস্টমস কমিশনারের এ সংক্রান্ত স্ট্যাটাসটি নিঃসন্দেহে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে দুপুর ১টা ১৩ মিনিটে বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি সরিয়ে নেন। বেনাপোল ইমিগ্রেশনের ওসি খোরশেদ আলম জানান, বন্ধন এক্সপ্রেস ট্রেনে একজন চীনফেরত যাত্রী রয়েছেন খবর পেয়ে ইমিগ্রেশন ও কাস্টমস সদস্যরা তাকে স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করেন। তবে তারা চীন থেকে সরাসরি ভারতে আসেননি। চীন থেকে বাংলাদেশে ফিরে এক মাস অবস্থানের পর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন।
