বাসচাপায় প্রাণ গেল ২ বন্ধুর, আরেকজন হাসপাতালে
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল -সমকাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৪০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:০৫
টাঙ্গাইলে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের অপর এক বন্ধু আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিং রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলা রাজাবাড়ী গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে ইমন মিয়া (১৭) এবং রাজাবাড়ী গ্রামের আব্দুল সামাদের ছেলে শাওন (১৮)। তারা দু’জনই এলেঙ্গা শামসুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন- মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু মহাসড়কের ভূঞাপুর লিংক রোড পাড় হচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইমন মিয়া মারা যায়। আহত শাওন ও আসিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। বিকেলে ঢাকায় নেওয়ার পথে শাওন মারা যায়।
এলেঙ্গা সরকারি শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর বলেন, ওরা তিনজন আমার কলেজের ছাত্র। ইমন ও শাওনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।
- বিষয় :
- টাঙ্গাইল
- সড়ক দুর্ঘটনা
- বাসচাপায় মৃত্যু
