গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলেন চট্টগ্রামবাসী
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১৮
বুকের তরতাজা রক্ত দিয়ে যারা মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছেন সেই বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। এরমধ্যে ছিলেন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সাংবাদিক, আইনজীবী, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের।
পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রামের কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলের বিপুল সংখ্যক নেতাকমীদের নিয়ে শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, আসন্ন সিটি মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এসব নেতারা আবার আলাদাভাবেও শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়।
শুধু বাংলাদেশিই নন, চট্টগ্রামে অবস্থানকারী বিদেশি অনেক নাগরিককেও দেখা গেছে শহিদ মিনার প্রাঙ্গণে। এদের মধ্যে ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জিও। শুক্রবার সকালে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে তিনি স্ত্রীকেও সঙ্গে নিয়ে যান শহীদ মিনারে। এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, 'বাঙালি হিসেবে আমিও গর্বিত। বাংলা আমারও মাতৃভাষা।'
ভোরে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বের করা প্রভাতফেরিগুরো একাকার হয়ে যায় চট্টগ্রামের কেন্দ্রিয় শহীদ মিনারে। নারী-পুরুষ, শিশু-কিশোর, শ্রেণী-পেশা, রাজনীতিবিদ- যেন কোনো ভেদাভেদ নেই। সবাই সারি বেঁধে শহীদ মিনারে যান। কারও কণ্ঠে একুশের কালজয়ী সেই গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'। আবার কারও কন্ঠে স্লোগান। আবার কারও হাতে ছিল ব্যানার, লাল-সবুজের পতাকা।
- বিষয় :
- চট্টগ্রাম
- একুশে ফেব্রুয়ারি
- শহীদ
