ভেজাল তেলের মামলায় শিল্পপতি জহির কারাগারে
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:০৩
চট্টগ্রামে ভেজাল ‘জাসমির’ ব্র্যান্ডের সয়াবিন তেল বাজারজাত করার মামলায় মেসার্স জাসমির সুপার অয়েল লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহাম্মদকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি নুরজাহান গ্রুপের মালিকও।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ও পিউর ফুড কোর্টের বিচারক আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালত এ আদেশ দেন।
বিএসটিআই’র আইনজীবী মো. আশরাফ উদ্দিন খন্দকার রনি সমকালকে বলেন, ভেজাল সয়াবিন বিক্রয়, সংরক্ষণ, সরবরাহ ও বাজারজাত করে বিএসটিআই আইনে অপরাধ করার মামলায় জামিন নামঞ্জুর করে জাসমির ব্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহাম্মদকে কারাগারে পাঠায় আদালত। এর আগে তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের আওতাধীন চট্টগ্রাম পিউর ফুড কোর্টে বিএসটিআই’র পক্ষ থেকে মামলাটি করেন বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. শওকত ওসমান (মেট)।
মামলায় বলা হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর ১৫ ও ২১ ধারার পরিপন্থী কার্যকলাপ পরিলক্ষিত হয়, যা উক্ত আইনের ২৭ ও ২৯ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধ আইন, ২০১৩ এর ৪(১) ও ৪(২) ধারা পরিপন্থী কার্যকলাপ পরিলক্ষিত হয়। যা উক্ত আইনের ১৬(১) ও ১৬(২) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করে বিএসটিআই।
প্রতিষ্ঠানটি বাজারজাত করা সয়াবিনে ভিটামিন ‘এ’ ১৫ এমজি থেকে ৩০ এমজি থাকার স্ট্যান্ডার্ড মান নির্ধারণ থাকলেও বিএসটিআই’র পরীক্ষায় জাসমির ব্যান্ডের সয়াবিনে ভিটামিন ‘এ’র উপাদান পাওয়া গেছে মাত্র ৪ দশমিক ২৭ এমজি। নগরীর ৫০/এ ফৌজদারহাট শিল্প এলাকায় জাসমির ব্যান্ডের সয়াবিন তেলের কারখানা।
- বিষয় :
- চট্টগ্রাম
- শিল্পপতি কারাগারে
