মধ্যরাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নিহতের পরিবারের আহাজারি। ছবি-সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ২২:৫৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ২২:৫৭
ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আটক আনোয়ারুল ইসলাম উপজেলার পয়ারী ইউনিয়নের আমলীদলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, আনোয়ারুল ইসলাম পেশায় রিকশা চালক। তিনি বিয়ে করেন ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামের তহুর আলীর মেয়ে রোজিনা খাতুনকে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে। গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে আনোয়ারুল রিকশা চালিয়ে বাড়ি গিয়েই স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে দা দিয়ে রোজিনাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বাড়ি থেকে পালিয়ে যায় স্বামী আনোয়ারুল। এক সময় মায়ের চিৎকারে ঘুম ভাঙে মেয়ে রত্না আক্তার মীমের। পরে সে তার নানী রোকেয়া খাতুনকে খবর পাঠিয়ে বাড়িতে নেয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুতরহাল শেষে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরে ফুলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা করা হয় নিহতের স্বামী আনোয়ারুল ইসলামকে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, রক্তমাখা কাপড়সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
নিহতের মেয়ে রত্না জানান, তার মায়ের চিৎকারে ঘুম ভাঙে। জেগে দেখেন তার মাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে বাবা।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আনোয়ারুল। অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কুপিয়ে হত্যা
- আটক
- ময়মনসিংহ
- ফুলপুর
