সিলেটে মোদির ছবিতে অগ্নিসংযোগ
মোদির ছবিতে অগ্নিসংযোগ করে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার নেতাকর্মীরা- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৭
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে অগ্নিসংযোগ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিলেট জেলা শাখার নেতাকর্মীরা। ভারতে মুসলিমবিরোধী নাগরিকত্ব আইন সিএএর প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সিলেটে মিছিল করে সংগঠনটি।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কোর্ট পয়েন্টে পৌঁছলে মোদির ছবিতে অগ্নিসংযোগ করা হয়।
জেলা ছাত্র জমিয়তের সভাপতি ফরহাদ আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, চা বিক্রেতা মোদি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। নির্বিচারে গুলি করে মানুষ মারছেন তিনি। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে-পুড়িয়ে দিচ্ছেন, মিনারে হনুমানের পতাকা লাগিয়েছেন। এসব কাজ বিশ্বের কোটি কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে।
সমাবেশে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম কস্ফাসেমী, জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, অর্থ সম্পাদক মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, মাওলানা সদরুল আমিন, মাওলানা কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান, রুহুল আমিন নগরী প্রমুখ।
